অনলাইন ডেস্ক: বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হওয়ার পর শরীরের আকৃতি নিয়ে নেটিজেনদের একাংশের তীব্র কটাক্ষ ও ট্রোলিংয়ের শিকার হয়েছিলেন। গত বছরের নভেম্বরে পুত্রসন্তান জন্ম দেওয়ার পর তার ‘পোস্টপার্টম বডি’ ও শারীরিক পরিবর্তন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক কুরুচিকর মন্তব্য ও ট্রলিং শুরু হয়েছিল।
সেই সময় বলিউডের সালমান খান, হৃতিক রোশান, সমীরা রেড্ডি ও সৌন্দর্য রজনীকান্ত ক্যাটরিনার পাশে দাঁড়ালেও এতদিন এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি অভিনেত্রী। অবশেষে লন্ডনে নিজের প্রসাধনী সংস্থার বর্ষপূর্তি অনুষ্ঠানে ট্রলিং নিয়ে নীরবতা ভাঙেন তিনি।
ক্যাটরিনা বলেন, সোশ্যাল মিডিয়ায় কে কী বলছে বা কী ধরনের ন্যারেটিভ তৈরি হচ্ছে, তা দিয়ে নিজের আত্মসম্মান বিচার করা ঠিক নয়। সবার মন জোগাতে গেলে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, প্রতিটি নেতিবাচক মন্তব্যকে গুরুত্ব দিয়ে জীবন পরিচালনা করতে দিলে ভয়ে মানুষ এক জায়গায় থেমে যেতে পারে এবং সামনে এগোতে পারে না।
নিজের প্রতি আত্মবিশ্বাসী হওয়ার আহ্বান জানিয়ে ক্যাটরিনা বলেন, বিশ্ব যখন কাউকে নিয়ে মাতামাতি করবে না, তখন নিজেকেই নিজের সবচেয়ে বড় সমর্থক হতে হবে। জীবনের প্রতিটি পর্যায় একই রকম থাকে না—কখনো সবকিছু ভালো থাকে, আবার কখনো কিছুই মনের মতো হয় না।
তিনি আরও বলেন, কখনো কাউকে সেরা দেখাতে পারে, আবার কখনো সেরা রূপে পৌঁছানোর প্রক্রিয়া চলতে থাকে। তাই এসব বিষয়কে হালকাভাবে নেওয়া উচিত এবং নিজেকে নিয়ে অতিরিক্ত গম্ভীর বা চিন্তিত হওয়ার প্রয়োজন নেই।

