অনলাইন ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় নিখোঁজের দুইদিন পর রেললাইনের পাশ থেকে জুবায়ের ইসলাম জুবেল (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের মনু রেলওয়ে স্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
জুবেল উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের বাসিন্দা। গত ৬ অক্টোবর ঢাকা থেকে কুলাউড়ায় ট্রেনে বাড়ি ফেরার পথে তিনি নিখোঁজ হন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে বাড়ির উদ্দেশ্যে ট্রেনে ওঠেন জুবেল। রাত ৭টার দিকে পরিবারের সঙ্গে তার সর্বশেষ যোগাযোগ হয়। এরপর তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজের দুইদিন পর শুক্রবার সকালে মনু রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধারণা করা হচ্ছে ট্রেন থেকে পড়ে জুবায়েরের মৃত্যু হয়েছে।
ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

