Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৬৬ রানে থামল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: মাঠে সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। একের পর এক টুর্নামেন্টে ব্যর্থতার পর কোচিং ইউনিটে আনা হয়েছে বদল। এর মধ্যেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো সিরিজে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে আরও একবার নিজেদের চেনা ছকেই আটকে গেছে বাংলাদেশ। ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে টস হেরে আগে ব্যাট করে ৪৯.৪ ওভারে ১৬৬ রানে অলআউট হয়েছে তারা।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন রিতু মনি। অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ৩০ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন। মেগান শুট ১০ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন এবং চারটি মেডেন ওভার করেছেন।

শুরু থেকেই ছন্দে ছিল না বাংলাদেশের ব্যাটিং। ইনিংসের প্রথম ওভারেই মেগান শুটের বলে ফোবে লিচফিল্ডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ফারজানা হক। একই বোলারের শিকার হয়ে ৭ বলে ৪ রান করে আউট হন শারমিন সুলতানা।

তৃতীয় উইকেটে শারমিন আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি কিছুটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ক্যাচ আউট হওয়ার আগে ২৬ বলে ২৪ রান করেন শারমিন। সোবহানা মোস্তারি ১৭ বলে ২ রান করে সাদারল্যান্ডের দ্বিতীয় শিকার হন।

নিগার ৮৬ বলে ২৯ রান করেন। ২৭.৬ ওভারে অ্যাশলি গার্ডনারের বলে বেথ মুনির হাতে ক্যাচ দিয়ে ফেরার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ৮৩ রান। স্বর্ণা আক্তার ও রিতু মনি ষষ্ঠ উইকেটে ২০ রান যোগ করেন। স্বর্ণা ৫০ বলে ২১ রান করে জর্জিয়া ওয়ারহ্যামের বলে এলবিডব্লিউ হন।

শেষ দিকে রিতু মনির ব্যাটে ভর করে দেড়শ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। ৬৩ বলে পাঁচটি চারে ৪৫ রান করেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram