স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মো. শান্তকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে একই দিন মোহাম্মদপুর থানাধীন লাউতলা এলাকায় অভিযান চালিয়ে একটি ধারালো অস্ত্রসহ শান্তকে গ্রেপ্তার করে মোহাম্মদপুর থানা পুলিশ। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।
ডিএমপির মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, বুধবার মোহাম্মদপুর থানার একটি মামলায় শান্তকে গ্রেপ্তার করা হয়। ওই মামলার প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এ ছাড়াও শান্তর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদক, দস্যুতা ও দ্রুত বিচার আইনে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

