Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

‘জয় বঙ্গবন্ধু’ লেখা চিরকুট ও কাফনের কাপড় দিয়ে যুবদল নেতাকে হত্যার হুমকির অভিযোগ

অনলাইন ডেস্ক: নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন যুবদলের এক নেতার বাড়ির প্রধান ফটকের সামনে কাফনের কাপড়, আগরবাতি ও গোলাপজল রেখে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় সেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মোবারক হোসেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যার পর আমদিয়া ইউনিয়নের বনাইদ গ্রামে ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেনের বাড়ির ফটকের সামনে এসব জিনিস পাওয়া যায়। পরে পুলিশকে জানানো হলে রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে আলামতগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়।

মোবারক হোসেন বনাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাঁর ভাষ্য, ব্যবসায়িক কাজে তিনি ঢাকায় ছিলেন। বাড়ি থেকে ফোন পেয়ে দ্রুত ফিরে এসে স্থানীয় দলীয় নেতাদের পাশাপাশি পুলিশকে বিষয়টি জানান। পুলিশ একটি শপিং ব্যাগ খুলে কাফনের কাপড়, গোলাপজল, আগরবাতি ও চিরকুট পায়।

মোবারক হোসেনের দাবি, আসন্ন ইউপি নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোশাররফ মেম্বারের বিপক্ষে যেন তিনি প্রার্থী না হন, চিরকুটে সে বিষয়ে হুমকি দেওয়া হয়েছে। বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ঘটনায় তিনি মাধবদী থানায় অভিযোগ দিয়েছেন এবং নিরাপত্তা ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক মিয়া ঘটনার সঠিক তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করে থানায় নিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram