Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ৪-৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা: ৪-৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন

অনলাইন ডেস্ক: কুমিল্লায় ৭ম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৪) হত্যার ঘটনাস্থলজুড়ে তাণ্ডবের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যার স্থানটিতে অন্তত ৪ থেকে ৫টি ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকার ফসলি জমিতে এসব চিহ্ন দেখা যায়। ওই এলাকার একটি ধানক্ষেত থেকে তাজমিনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, সড়কের পাশে ধানক্ষেতে একটি সিএনজিচালিত অটোরিকশা পড়ে থাকতে দেখা যায়। অটোরিকশাটি উদ্ধারের পর এর ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ পাওয়া যায়। আশপাশের ধানক্ষেতে দৌড়াদৌড়ি ও ধস্তাধস্তির চিহ্ন অনুসরণ করে একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথা কাদায় ছিল এবং গলায় গামছা প্যাঁচানো ছিল। পরে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, মরদেহ উদ্ধারের আগে তিনি ঘটনাস্থলের আশপাশে ধস্তাধস্তি ও দৌড়াদৌড়ির চিহ্ন দেখতে পান। আরেক বাসিন্দা মো. মুহিনের দাবি, মেয়েটি জীবন বাঁচানোর জন্য পালানোর চেষ্টা করেছিল।

কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ্ বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় গামছা প্যাঁচানো ছিল। পুলিশের ধারণা, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর হত্যার বিস্তারিত জানা যাবে।

পুলিশ কর্মকর্তা জানান, জব্দ করা অটোরিকশাটি রেজিস্ট্রেশনকৃত। সেটির সূত্র ধরে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে।

ময়নাতদন্ত শেষে তাজমিনের স্বজনরা মরদেহ নিয়ে যশোরের উদ্দেশে রওনা দেন। যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তাজমিন যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের আব্দুল আলিমের মেয়ে এবং কুমিল্লা নগরীর ফরিদা বিদ্যায়তন স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী ছিল। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সে স্কুলে যাচ্ছিল না বলে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় তাজমিনের বাবা আব্দুল আলিম লালমাই থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram