Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সংকুচিত হচ্ছে হাতির আবাসস্থল, রাঙামাটিতে ৫ বছরে প্রাণহানি ১৩

সংকুচিত হচ্ছে হাতির আবাসস্থল, রাঙামাটিতে ৫ বছরে প্রাণহানি ১৩

অনলাইন ডেস্ক: রাঙামাটি পার্বত্য জেলায় গত ৫ বছরে হাতির আক্রমণে ১৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শিকার, বিদ্যুতায়িত ফাঁদ, আবাসস্থল সংকটসহ বিভিন্ন কারণে মারা গেছে ৭টি বন্য হাতি। এ সময়ে মানুষ ও হাতির সংঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩০৪টি পরিবার।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত দেড় দশকে রাঙামাটিতে হাতির আক্রমণে অন্তত ৩৬ জন প্রাণ হারিয়েছেন। একই সময়ে বিভিন্ন কারণে মারা গেছে অন্তত ১৩টি বন্য হাতি। সংশ্লিষ্টদের মতে, হাতির আবাসস্থল সংকুচিত হওয়া এবং চলাচলের করিডোরে মানুষের বসতি ও স্থাপনা গড়ে ওঠায় সংঘাত বাড়ছে।

রাঙামাটির কাপ্তাই, লংগদু ও বরকল উপজেলায় মানুষ ও হাতির সংঘাত বেশি ঘটছে। বিশেষ করে কাপ্তাইয়ের হাতি চলাচলের করিডোরসংলগ্ন এলাকায় প্রায়ই বন্য হাতির পাল সড়ক ও লোকালয়ে ঢুকে পড়ছে। এতে জুমক্ষেত, ফসল ও বসতঘর ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও বাড়ছে।

সংঘাত কমাতে প্রায় চার বছর আগে কাপ্তাইয়ে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে ৮ কিলোমিটার সোলার ফেন্সিং নির্মাণ করা হয়। তবে নির্মাণের এক বছরের মধ্যেই সেটি অকার্যকর হয়ে পড়ে বলে স্থানীয়দের অভিযোগ। তাদের দাবি, হাতির লোকালয়ে প্রবেশ ঠেকাতে এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখতে পারেনি।

গত পাঁচ বছরে নিহত ১৩ জনের পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও ১৩ জন। ক্ষতিগ্রস্ত ৩০৪টি পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে বন বিভাগের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১ কোটি ১৪ লাখ টাকা।

বন বিভাগের ধারণা, পার্বত্য চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ বন বিভাগের আওতাধীন রাঙামাটি অঞ্চলে বর্তমানে ৫০টির বেশি বন্য হাতি রয়েছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা যায়নি। বন্য হাতির সংখ্যা নিরূপণ ও সংরক্ষণে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি শেষ হলে প্রকৃত সংখ্যা জানা যাবে বলে জানিয়েছেন রাঙামাটি বন সার্কেলের প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার।

বিশেষজ্ঞদের মতে, বন উজাড়, হাতির চলাচলের করিডোর দখল ও অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ডে হাতির আবাসস্থল সংকুচিত হচ্ছে। খাবারের সন্ধানে লোকালয়ে আসায় সংঘাত বাড়ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে বনাঞ্চল ও করিডোর রক্ষা, দেশীয় প্রজাতির গাছ দিয়ে বন পুনরুদ্ধার এবং দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক পরিকল্পনা প্রয়োজন।

রাঙামাটি হিলি সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি ওমর ফারুক বলেন, বন ও হাতির চলাচলের পথ রক্ষা করা না গেলে সংঘাত আরও বাড়বে। প্রাণী বিশেষজ্ঞ ড. মো. মিজানুর রহমান বলেন, এ সমস্যার জন্য শুধু হাতিকে দায়ী করলে সমাধান হবে না; মানুষের কর্মকাণ্ডে আবাসস্থল সংকুচিত হওয়ার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখতে হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram