অনলাইন ডেস্ক: রেজওয়ান শাহরিয়ার সুমিতের সিনেমা ‘মাস্টার’ একের পর এক আন্তর্জাতিক উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতছে। বিখ্যাত রটারড্যাম উৎসবে অংশ নিয়ে ইতিহাস গড়া সিনেমাটি এবার ইতালির ২২তম লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে।
রোববার (৪ অক্টোবর) নির্মাতা সুমিত এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, লুক্কা ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া ‘মাস্টার’-এর সর্বজনীনতা ও প্রাসঙ্গিকতার আরেকটি প্রমাণ।
এ বছরের লুক্কা উৎসবে বিশ্ব চলচ্চিত্রের দুই নক্ষত্র নান্নি মোরেত্তি ও জুলিয়ান শ্নেবেলকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। পরিচালক নিকোলাস উইন্ডিং রেফনও নিজের নতুন সিনেমা নিয়ে উৎসবে উপস্থিত ছিলেন। সিনেমাটি ‘গোল্ডেন প্যান্থার অ্যাওয়ার্ড’ পেয়েছে।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগে বেশ কিছু সিনেমার মধ্যে ‘মাস্টার’কে সেরা চলচ্চিত্র হিসেবে বেছে নেওয়ায় জুরি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সুমিত।
জুরি বোর্ডের বক্তব্যে বলা হয়েছে, স্থানীয় একটি গল্পের মাধ্যমে বর্তমান সময়ে বিশ্বজুড়ে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সংকট তুলে ধরার সক্ষমতার জন্য সিনেমাটিকে পুরস্কার দেওয়া হয়েছে। বক্তব্যে সিনেমাটির সূক্ষ্ম ও বুদ্ধিদীপ্ত চিত্রনাট্য, সামাজিক ন্যায়বিচারে প্রতিশ্রুতিবদ্ধ এক শিক্ষকের চরিত্র এবং রাজনৈতিক ব্যবস্থার জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।
নিজের পুরো কলাকুশলী দলের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা।
আন্তর্জাতিক উৎসবে সাফল্য পেলেও ‘মাস্টার’ এখনো দেশে মুক্তির অনুমতি পায়নি। অনুমতি পাওয়া গেলে সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
‘মাস্টার’-এর নাম ভূমিকায় অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এতে আরও অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, শরীফ সিরাজ, তাসনোভা তামান্না ও মাহমুদ আলম।

