অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডে খেলার সময় চোট পান জুয়েল অ্যান্ড্রু। আসন্ন টি-টোয়েন্টি সিরিজে তাকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। তাকে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ না দিলেও মেডিক্যাল টিম পর্যবেক্ষণে রেখেছে। বোর্ড জানিয়েছে, আপাতত তার বিকল্প হিসেবে টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইকেটকিপার ব্যাটার আমির জাঙ্গুকে।
ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হন অ্যান্ড্রু। ১৯ বছর বয়সী এই ব্যাটারকে তৃতীয় ম্যাচের একাদশে ফেরানো হয়েছিল। কাভারে বৃত্তের ভেতরে নামান ধীরের ক্যাচ নেওয়ার সময় আঙুলে চোট পান তিনি। দ্রুত স্ক্যানের জন্য তাকে হাসপাতালে পাঠানো হলেও আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েনি। তবে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ার সময় তিনি ব্যাট করেননি।
জাঙ্গুর সাম্প্রতিক ফর্ম
২৯ বছর বয়সী আমির জাঙ্গু লম্বা ফরম্যাটের খেলোয়াড় হিসেবে পরিচিত। ২০২৪ সালের ডিসেম্বরে আন্তর্জাতিক অভিষেকের পর সাতটি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। এই ফরম্যাটে তার রান ১৬৩, স্ট্রাইক রেট ১২০.৭৪।
৩৪টি টি-টোয়েন্টিতে জাঙ্গুর স্ট্রাইক রেট ১০৪.২৫। তবে সেপ্টেম্বরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে সিপিএলে ২১৩ রান করেন তিনি। ফাইনালে ৩৪ বলে ৫৭ রানের ইনিংস খেলেন জাঙ্গু। ওই ম্যাচে ফ্যালকন্স ৮ উইকেটে জ্যামাইকা কিংসমেনকে হারায়।
ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও ভালো ফর্মে ছিলেন জাঙ্গু। অপরাজিত ৫৮, ১১৪ ও ৬৭ রান করে সিরিজে ২৩৯ রান সংগ্রহ করেন তিনি। শুবমান গিলের ৩৩৪ ও শাই হোপের ২৭৮ রানের পর সিরিজের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন জাঙ্গু।
টি-টোয়েন্টি সিরিজের সূচি
মঙ্গলবার লখনউতে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। পরের চার ম্যাচ হবে ৯, ১১, ১৪ ও ১৭ অক্টোবর—রাঁচি, ইন্দোর, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতে।

