অনলাইন ডেস্ক: আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। তবে উৎসব-উদ্দীপনার চেয়ে পেশাগত মর্যাদা ও আর্থিক সুরক্ষার দাবিতে বছরের পর বছর বাংলাদেশের শিক্ষকদের প্রতিবাদের মূল কেন্দ্র হয়ে আছে রাজপথ। বেতন-ভাতা বৃদ্ধি, চাকরি জাতীয়করণ, এমপিওভুক্তি, চিকিৎসা ও উৎসব ভাতা বাড়ানোর মতো মৌলিক সুযোগ-সুবিধার দাবিতে দীর্ঘদিন ধরে সোচ্চার শিক্ষকরা। এসব আন্দোলনের কেন্দ্রে ছিল আর্থিক নিরাপত্তা, চাকরির নিশ্চয়তা এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূর করার দাবি।
গত দুই দশকের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে শিক্ষক-কর্মচারীদের আন্দোলন বড় পরিসর পায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা বেতন বৈষম্য দূর করার দাবি তোলেন। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি জাতীয়করণ এবং বেসরকারি মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা শতভাগ সরকারি বেতনের দাবিতে কর্মসূচি পালন করেন।
২০১১ সালের ডিসেম্বরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। একই সময়ে এমপিওবঞ্চিত শিক্ষক-কর্মচারীরাও সরকারি বেতন কাঠামোর আওতায় আনার দাবি জানান। তাদের অভিযোগ ছিল, দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করেও এমপিও না থাকায় তারা সরকারি বেতন-ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন।
২০১২ সালে বেসরকারি কলেজের শিক্ষকরা শিক্ষা জাতীয়করণ এবং বেতন, ভাতা, ইনক্রিমেন্ট ও পদোন্নতির বৈষম্য দূর করার দাবি তোলেন। ওই বছর সরকার দেশের ২৬ হাজারের বেশি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের পরিকল্পনা ঘোষণা করে। ২০১৩ সালে শুরু হওয়া প্রক্রিয়ায় এক লাখের বেশি শিক্ষক সরকারি বেতন কাঠামোর আওতায় আসেন। তবে মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবি অব্যাহত থাকে।
পরবর্তী বছরগুলোতে শিক্ষকরা চাকরি জাতীয়করণ, এমপিওভুক্তি, বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধি, ইনক্রিমেন্ট, অবসর সুবিধা এবং সরকারি-বেসরকারি বৈষম্য দূর করার দাবিতে অবস্থান, ধর্মঘট ও অনশন করেন। ২০১৫ সালে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান ও আমরণ অনশন শুরু করেন। ২০১৯ সালেও একই দাবিতে কর্মসূচি পালিত হয়।
২০২০ সালে করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বেসরকারি শিক্ষকদের আর্থিক সংকট আরও স্পষ্ট হয়। নন-এমপিও শিক্ষকরা সরকারি সহায়তা ও এমপিওভুক্তির দাবি জানান। ২০২১ ও ২০২২ সালেও শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্তি, বেতন-ভাতা বৃদ্ধি এবং বৈষম্য দূর করার দাবি ওঠে। ২০২৩ সালে বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে কয়েক সপ্তাহের কর্মসূচি পালন করেন শিক্ষকরা।
২০২৫ সালে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা নিয়ে আন্দোলন জোরদার হয়। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ এবং ২০২৬ সালের ১ জুলাই থেকে মোট ১৫ শতাংশ বাড়িভাড়া দেওয়ার সিদ্ধান্ত হয়। ন্যূনতম বাড়িভাড়া নির্ধারণ করা হয় ২ হাজার টাকা। এরপর আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা কর্মসূচি প্রত্যাহার করেন।
একই বছরের নভেম্বরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্দোলনে ১০ম গ্রেডে বেতন নির্ধারণ, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবি ওঠে। ৮ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচির পর শাহবাগের দিকে ‘কলম সমর্পণ’ কর্মসূচি নিয়ে যাওয়ার পথে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে। এতে শতাধিক মানুষ আহত হন।
এরপর সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করা হয়। আলোচনায় দাবিগুলো পর্যালোচনার আশ্বাস পাওয়ার পর একপর্যায়ে কর্মসূচি প্রত্যাহার হলেও ১০ম গ্রেডের দাবি বাস্তবায়িত হয়নি। পরে ২৭ নভেম্বর থেকে আবার কর্মবিরতি এবং ৩ ডিসেম্বর ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু হয়। এতে বিভিন্ন স্থানে বার্ষিক পরীক্ষা ব্যাহত হয়। শিক্ষার্থীদের পরীক্ষা বিবেচনায় ৫ ডিসেম্বর কর্মসূচি স্থগিত করেন আন্দোলনকারী শিক্ষকরা।
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমানের অভিযোগ, দীর্ঘদিন পদোন্নতি না হওয়া এবং সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত না হওয়াসহ নানা বঞ্চনার মধ্য দিয়ে শিক্ষকরা কাজ করছেন। তার দাবি, শিক্ষকদের জীবনমান ও আর্থিক সচ্ছলতা নিশ্চিত করা জরুরি।
নতুন পে-স্কেল ও মূল্যস্ফীতির চাপ
২০২৬ সালে অনুমোদন পাওয়া নতুন জাতীয় বেতন স্কেলে ২০টি গ্রেড বহাল রাখা হয়েছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং ১ম গ্রেডের মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫৬,০০০ টাকা করা হয়েছে। ১৩তম ও ১০ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ২৪,০০০ ও ৩২,০০০ টাকা।
সরকারের ঘোষণা অনুযায়ী, নতুন বেতন কাঠামো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। ২০২৬ সালের ১ জুলাই থেকে এটি কার্যকর ধরা হলেও বিভিন্ন ভাতা নতুন কাঠামো অনুযায়ী কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
অন্যদিকে, বেতন বাড়লেও মূল্যস্ফীতির কারণে শিক্ষকদের আর্থিক স্বস্তি সীমিত হতে পারে বলে মত দিয়েছেন শিক্ষকরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী, চলতি বছরের আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮.২৬ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় ৭.২ শতাংশ এবং খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯.৩২ শতাংশ।
শিক্ষক নাজমুল করিম বলেন, বেতন বাড়ানো ইতিবাচক হলেও নিত্যপ্রয়োজনীয় পণ্য, বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা ও যাতায়াত ব্যয়ও বেড়েছে। শিক্ষক নাজনীন ফেরদৌসি ও মামুনুর রশীদও বেতন বৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতার প্রয়োজনীয়তার কথা জানান।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণই তাদের প্রধান প্রত্যাশা। তার মতে, বাস্তবায়ন ধাপে ধাপে হলেও ভালো প্রতিষ্ঠানগুলোকে প্রথমে এবং পরে অন্য প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করণের আওতায় আনা যেতে পারে।

