অনলাইন ডেস্ক: প্রতিদিন সকাল ৯টায় বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিআর বিলকিস। এরপর শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরত করানো হয়। শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে যাওয়ার পর তিনি শিক্ষকদের নিজ নিজ দায়িত্বে পাঠদানে পাঠান এবং প্রতিটি ক্লাসের খোঁজ নেন। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ তিনি দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চূড়ান্ত মূল্যায়নে শিক্ষাক্ষেত্রে অবদান, বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং প্রশাসনিক নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তাকে এই পদক দেওয়া হয়। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে পদক গ্রহণ করেন। এর আগে তিনি ১২ বার সোনারগাঁ উপজেলার, আটবার নারায়ণগঞ্জ জেলার এবং দুইবার ঢাকা বিভাগের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের মানোন্নয়নে উদ্যোগ
বিআর বিলকিসের নেতৃত্বে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝরে পড়া কমানো, মানসম্মত শিক্ষা, মাল্টিমিডিয়া ক্লাসরুমের ব্যবহার এবং সহশিক্ষা কার্যক্রমে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২০ জন এবং শিক্ষক রয়েছেন ১৩ জন। শিক্ষার্থীদের উপস্থিতির হার ৯৮ থেকে ৯৯ শতাংশ বলে জানান তিনি।
বছরের শুরুতে শিক্ষার্থীদের উত্তম, মধ্যম ও পিছিয়ে পড়া—এই তিন স্তরে ভাগ করে বিশেষ ক্লাসের ব্যবস্থা করা হয়। বিদ্যালয়ের দাবি অনুযায়ী, শিক্ষার্থীদের ৯৭ শতাংশ পড়তে ও লিখতে পারে। প্রতিদিন শ্রেণিকক্ষ পর্যবেক্ষণ করা হয়। সততা স্টোর, পরামর্শ বক্স, বাংলা, গণিত ও ইংরেজি ক্লাবসহ বিভিন্ন কার্যক্রমও রয়েছে। ২০২৫ সালে বিদ্যালয়টির ৩৪ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে ৩০ জন বৃত্তি পেয়েছে।
বিলকিস জানান, প্রতি রোববার ‘হ্যাপি সানডে’ পালন করা হয়। শিক্ষার্থীদের খেলাধুলা, গান, ব্যায়াম, গল্প বলা ও নৈতিক শিক্ষার চর্চা করানো হয়। প্রতি শনিবার শিক্ষক ও অভিভাবকদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান চলে। শ্রেণিভিত্তিক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ গ্রুপে বাড়ির কাজ দেওয়া হয়।
শিক্ষাজীবন ও সহকর্মীদের বক্তব্য
বিআর বিলকিস ১৯৯৩ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। পরে পরীক্ষার মাধ্যমে ২০০৩ সালে প্রধান শিক্ষক পদে নিয়োগ পান। তিনি সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, লালমাটিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
বিআর বিলকিস বলেন, এই অর্জন শুধু তার একার নয়; বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। সম্মাননা তাকে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের মেধা বিকাশে আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, তিনি শৃঙ্খলাবান, শিক্ষাবান্ধব ও পরিশ্রমী। নিয়মিত সভা করে পাঠদানের মানোন্নয়নে ব্যবস্থা নেন এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের সময়ের বাইরেও কাজ করেন।
প্রাথমিক শিক্ষার মাঠপর্যায়ের কাজের গতিশীলতা, মানোন্নয়ন ও শিক্ষকদের উৎসাহিত করতে প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের পর চূড়ান্ত যাচাই-বাছাই শেষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব নির্ধারণ করা হয়।

