অনলাইন ডেস্ক: নানান অসুখে বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হওয়া যেখানে গরিব-দুঃখী ও নিম্ন আয়ের মানুষের কাছে অনেকটা স্বপ্নের মতো, সেখানে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাদের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তার নিজ উদ্যোগ ও অর্থায়নে পরিচালিত এ ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে ভোলা সদর উপজেলার প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।
ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য চার ধাপে পরিচালিত ফ্রি মেডিকেল ক্যাম্প শেষ হয়েছে। আয়োজকদের দাবি, এই ক্যাম্পে ২০ হাজারের বেশি মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) ভোলা জেলা শাখা ও ক্যাম্প সংশ্লিষ্টরা জানায়, ‘সবার জন্য, সুস্থ জীবন’ প্রতিপাদ্যে গত ১১ সেপ্টেম্বর ক্যাম্পটি শুরু হয়। এতে গাইনি, শিশু ও মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে। চতুর্থ ধাপের শেষ ক্যাম্পটি ৩ অক্টোবর সকাল থেকে বিকেল পর্যন্ত অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে রাজাপুর, পূর্ব ইলিশা ও পশ্চিম ইলিশা ইউনিয়নে, দ্বিতীয় ধাপে বাপ্তা, কাচিয়া ও ধনিয়া ইউনিয়নে এবং তৃতীয় ধাপে আলীনগর, দক্ষিণ দিঘলদী ও উত্তর দিঘলদী ইউনিয়নে চিকিৎসাসেবা দেওয়া হয়। চতুর্থ ধাপে চরসামাইয়া, ভেদুরিয়া ও ভেলুমিয়া ইউনিয়নে ক্যাম্প পরিচালনা করা হয়েছে।
চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, অর্থাভাবে তারা ভোলা বা বরিশালে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। বাড়ির কাছে ক্যাম্প হওয়ায় তারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়েছেন।
চরসামাইয়া ইউনিয়ন বিজেপির সদস্য সচিব মামুন মুন্সি বলেন, ক্যাম্পে মানুষের ভিড় ছিল এবং বিজেপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন।
ভোলা জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পেয়েছেন।
ভোলা জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন বলেন, ১৩টি ইউনিয়নে চার ধাপে ক্যাম্প পরিচালনা করা হয়েছে। তাদের লক্ষ্যমাত্রা ছিল প্রায় ২০ হাজার মানুষকে চিকিৎসা ও ওষুধ দেওয়া; তবে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি মানুষ সেবা নিয়েছেন। তিনি জানান, শিগগিরই প্রতিটি ইউনিয়নে দ্বিতীয়বারের মতো ক্যাম্প শুরু করা হবে।

