অনলাইন ডেস্ক: জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর প্রথম সফরে খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের পর ভারতকে ৪-০ গোলে হারিয়ে সফর শেষ করেছে ব্রাজিল।
তিনটি প্রীতি ম্যাচে দলে ব্যাপক রদবদল করেন আনচেলত্তি। ২৬ জন খেলোয়াড়ের সবাই মাঠে নামার সুযোগ পেয়েছেন। শুধু ভিনিসিয়ুস জুনিয়র ও দানিলো তিন ম্যাচেই শুরুর একাদশে ছিলেন। এ সফরে আট খেলোয়াড়ের আন্তর্জাতিক অভিষেক হয়েছে।
ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের প্রায় দুই-তৃতীয়াংশ খেলোয়াড় এই সফরে ছিলেন না। জাতীয় দলের পরবর্তী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই আনচেলত্তি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সফরে দুই জয় ও এক ড্রয়ের পর খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টির কথা জানান তিনি।
আনচেলত্তি বলেন, খেলোয়াড়রা ভালো পারফর্ম করেছে, যদিও কয়েকজনের আরও ভালো করার সুযোগ ছিল। প্রতিটি খেলোয়াড়ের নিজস্ব ধরণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
কোচের মতে, ম্যাচগুলোর মানের চেয়ে সব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়া এবং নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করাই গুরুত্বপূর্ণ। এই সফরের মাধ্যমে খেলোয়াড়দের সম্পর্কে তার ধারণা আরও পরিষ্কার হয়েছে বলেও জানান তিনি।
ভ্যান্ডারসন ও স্যামুয়েল লিনো আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রথম গোল পেয়েছেন। ১৩৮ নম্বর ফিফা র্যাঙ্কিংধারী ভারতের বিপক্ষে জোড়া গোল করেন লিনো।
নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে পরবর্তী দল নির্বাচন নিয়ে আনচেলত্তি বলেন, তার ধারণা এখন অনেক বেশি স্পষ্ট। তবে দলে বড় পরিবর্তনের সম্ভাবনা কম হলেও এবার না থাকা আরও কিছু তরুণ খেলোয়াড়কে গড়ে তোলার প্রয়োজন রয়েছে বলে জানান তিনি।

