Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তৃতীয় কেমো শেষ, সামিয়ার প্রার্থনা এখন একটাই

তৃতীয় কেমো শেষ, সামিয়ার প্রার্থনা এখন একটাই

অনলাইন ডেস্ক: ‘আমার তৃতীয় কেমো শেষ হলো’—শনিবার রাতে নিজের শারীরিক পরিস্থিতির খবর জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করা সামিয়া বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন; সেখান থেকেই তিনি এই বার্তা দিয়েছেন।

হাসপাতালের শয্যা থেকে তোলা একটি ছবি যুক্ত করে সামিয়া লেখেন, আগামী কয়েক দিন কঠিন যেতে পারে। তবে দ্রুত সুস্থ হয়ে ওঠার আশা প্রকাশ করে তিনি প্রার্থনা করেছেন, তার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।

অক্টোবর ক্যানসার সচেতনতার মাস উল্লেখ করে ভক্তদের নিজেদের শরীরের প্রতি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন এই উপস্থাপিকা। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা না করে সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করার আহ্বান জানিয়েছেন তিনি। সামিয়ার ভাষ্য অনুযায়ী, প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।

নিজের যত্ন নেওয়া ও সচেতন থাকাকে নিজের প্রতি আসল ভালোবাসা বলেও মনে করিয়ে দেন সামিয়া। তার পোস্টের পর ভক্ত ও শোবিজ অঙ্গনের অনেকে দ্রুত সুস্থতার জন্য দোয়া ও ভালোবাসার বার্তা দিয়েছেন।

প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন সামিয়া আফরিন। ২০২২ সালের এপ্রিলে তার কোলন ক্যানসার শনাক্ত হয়। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার উন্নতি হলে তিনি স্বাভাবিক জীবনে ফেরেন। তবে চলতি বছরে তার শরীরে নতুন করে ডিম্বাশয়ের ক্যানসার ধরা পড়ে। সম্প্রতি অস্ত্রোপচারের পর তিনি কেমোথেরাপি নিচ্ছেন।

এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার কারণে মাথা ন্যাড়া করার সিদ্ধান্ত নেন সামিয়া। সেই সময়ের ছবি প্রকাশ করে জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করার কথা জানিয়েছিলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram