Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

অনলাইন ডেস্ক: আগুনের চারপাশে স্কাউট সদস্যদের নৃত্য, গান ও অভিনয়ের মধ্য দিয়ে প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।

শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের সমাপ্তি হয়।

সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।

অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন ও উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।

এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।

সমাবেশে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য, ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান অংশ নেন।

পাঁচ দিনের আয়োজনজুড়ে স্কাউট সদস্যদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ও কার্যক্রম ছিল। এর পাশাপাশি গ্রামীণ খেলাধুলার আয়োজন করা হয়। এসব খেলাধুলায় সমাবেশস্থল মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।

সমাপনী দিনের ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো নিজস্ব পরিবেশনা উপস্থাপন করে। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল জুলু সম্প্রদায়ের নৃত্য পরিবেশন করে। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউটরা প্রকৃতি ও পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’ মঞ্চস্থ করে।

হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা ‘কারার ঐ লৌহ কপাট’ গানে নৃত্য পরিবেশন করে। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পুতুলনাচ পরিবেশন করে। দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ ‘এক আকাশের তারা’ গানে নৃত্য পরিবেশন করে। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল হামদ পরিবেশন করে।

সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের নৃত্যশিল্পীরা।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram