Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

ভৌতিক সিনেমার শুটিংয়ে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী

অনলাইন ডেস্ক: ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’-র শুটিং সেটে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতের উত্তরপ্রদেশের একটি স্থানে দৃশ্যধারণ চলাকালে হঠাৎ আগুন ধরে যায়। সে সময় সিনেমার অন্যতম অভিনেত্রী সঞ্জনা পাণ্ডের পোশাকে আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় ইউনিটের কলাকুশলীদের তৎপরতায় অক্ষত অবস্থায় বেঁচে যান তিনি।

সিনেমার একটি দৃশ্যের শুটিংয়ে আগুন ব্যবহারের কথা ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা পাণ্ডে। তবে দৃশ্যধারণের সময় বাতাস বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত অভিনেত্রীর পোশাকে ছড়িয়ে পড়ে। এতে সেটে উপস্থিতদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

পরিস্থিতি দেখে শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের তাৎক্ষণিক তৎপরতায় সঞ্জনাকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এ ঘটনায় অন্য কেউ আহত হননি। পরে নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী।

সঞ্জনা বলেন, ছবির গল্প ও চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে পুরো টিম নিষ্ঠার সঙ্গে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক গল্পের উপস্থাপন ও অভিনয় উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। এতে সঞ্জনা পাণ্ডের সঙ্গে অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram