Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক জটে নামজারি বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

ঠাকুরগাঁওয়ে প্রশাসনিক জটে নামজারি বন্ধ, ভোগান্তিতে হাজারো মানুষ

অনলাইন ডেস্ক: জমি আছে, কিন্তু প্রয়োজনের সময় সেই জমি কাজে লাগাতে পারছেন না ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার অনেক বাসিন্দা। কেউ জমি বিক্রি করে চিকিৎসার খরচ মেটাতে চান, কেউ ব্যবসার জন্য টাকা জোগাড় করতে চান, আবার কেউ জমি বন্ধক রেখে ব্যাংক ঋণ নিতে চান। কিন্তু জমির নামজারি (খারিজ) আটকে থাকায় তাদের অনেকেরই এসব কাজ থেমে আছে।

ভূল্লী উপজেলা গঠনের কয়েক মাস পরও ভূমিসেবার এই জট কাটেনি। অনলাইনে নামজারির আবেদন করা গেলেও আবেদন-পরবর্তী কার্যক্রম এগোচ্ছে না। ফলে জমির কাগজপত্র নিয়ে দপ্তরে দপ্তরে ঘুরছেন সেবাগ্রহীতারা।

ভূল্লীর ব্যবসায়ী আরিফ জরুরি প্রয়োজনে জমি বিক্রি করে টাকা জোগাড় করতে চেয়েছিলেন। তবে নামজারি না হওয়ায় সেই প্রক্রিয়া এগোচ্ছে না বলে তিনি জানিয়েছেন। তাঁর মতো আরও অনেকে জমি বিক্রি, ব্যাংকঋণ নেওয়া কিংবা উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি বণ্টনে সমস্যায় পড়েছেন বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দা, দলিল লেখক ও সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভূল্লী উপজেলা গঠনের আগে ওই এলাকার ইউনিয়নগুলো ঠাকুরগাঁও সদর উপজেলা ভূমি অফিসের অধীনে ছিল। চলতি বছরের ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকারের) বৈঠকে ঠাকুরগাঁও সদর উপজেলা ভেঙে পাঁচটি ইউনিয়ন নিয়ে ভূল্লীকে নতুন উপজেলা ঘোষণা করা হয়।

নতুন প্রশাসনিক কাঠামোর সঙ্গে ভূমি ব্যবস্থাপনার তথ্য ও দাপ্তরিক কার্যক্রম সমন্বয়ের কাজ চললেও ভূল্লী উপজেলার জন্য এখনো ভূমি কর্মকর্তা পদ সৃজন হয়নি। ফলে নামজারির আবেদন গ্রহণ করা গেলেও সংশ্লিষ্ট কর্মকর্তার আইডিতে তা স্থানান্তর করে পরবর্তী কার্যক্রম শেষ করা যাচ্ছে না।

সেবাগ্রহীতাদের অভিযোগ, এই প্রশাসনিক ও কারিগরি জটিলতার ভোগান্তি তাদেরই বহন করতে হচ্ছে। এতে সময় ও যাতায়াতের খরচ বাড়ছে। ভূল্লী বাজারের কয়েকজন বাসিন্দা বলেন, নতুন উপজেলা হওয়ার পর সরকারি সেবা সহজ হওয়ার প্রত্যাশা থাকলেও নামজারির মতো মৌলিক সেবা স্বাভাবিকভাবে পাওয়া যাচ্ছে না।

নামজারির জটিলতায় স্থানীয় দলিল লেখকদের কাজও কমেছে বলে জানিয়েছেন ভূল্লী সাব-রেজিস্ট্রি কার্যালয়ের দলিল লেখক বাবুল। তাঁর মতে, খারিজের সমস্যা দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।

এদিকে, জটিলতার সুযোগ নিয়ে মধ্যস্বত্বভোগী ও দালালদের একটি শ্রেণি সক্রিয় হয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন সেবাগ্রহীতা। অনলাইনের সমস্যা দ্রুত সমাধানের কথা বলে কেউ কেউ অতিরিক্ত টাকা দাবি করছেন বলে তারা জানান। তবে কারা টাকা নিচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট নাম বা অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

ভূল্লী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে এখনো ভূল্লী উপজেলার জন্য ভূমি কর্মকর্তা পদ সৃজন না হওয়ায় ভূমি-সংক্রান্ত কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। তিনি বলেন, বর্তমানে অনলাইনে নামজারির আবেদন করা গেলেও তাঁর আইডি থেকে অন্য আইডিতে আবেদন স্থানান্তর সম্ভব হচ্ছে না।

ইউএনও জানান, বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নির্দিষ্ট সময় বলা সম্ভব না হলেও চলতি মাসের মধ্যে সমস্যার সমাধান হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram