Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসি এখন দুটি স্প্যানিশ ক্লাবের মালিক

মেসি এখন দুটি স্প্যানিশ ক্লাবের মালিক

অনলাইন ডেস্ক: গত মাসে স্পেনের দ্বিতীয় বিভাগের দল এলদেনসের মালিকানা অর্জনে প্রাথমিক চুক্তি করেছিলেন লিওনেল মেসি। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর বৃহস্পতিবার ক্লাবটি নিশ্চিত করেছে, ইন্টার মায়ামি তারকা আনুষ্ঠানিকভাবে স্প্যানিশ দলটিকে অধিগ্রহণ করেছেন।

এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটির অধিগ্রহণ আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়েছে। ক্লাবটির ১০০ বছরেরও বেশি পুরোনো ইতিহাসে এর মধ্য দিয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। মেসির মালিকানাকে কেন্দ্র করে ক্লাবটির ক্রীড়াগত, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি প্রকল্প শুরুর কথাও জানানো হয়েছে।

এলদেনসে বর্তমানে কলম্বিয়ান বিনিয়োগ গ্রুপ গ্রুপো টিএইচ-এর মালিকানাধীন। ওই গ্রুপের কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও ক্লাব রয়েছে। তবে মেসির সঙ্গে সম্পন্ন চুক্তিটি এখনও স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদনের অপেক্ষায় আছে।

এলদেনসে স্পেনে মেসির মালিকানাধীন দ্বিতীয় ক্লাব। এর আগে তিনি বার্সেলোনা শহরের পঞ্চম বিভাগের দল কর্নেয়ার মালিকানা কিনেছিলেন। মেসির জন্য এলদেনসে অধিগ্রহণই কোনো পেশাদার ক্লাবে প্রথম বিনিয়োগ; কর্নেয়া এখনও আধা পেশাদার পর্যায়ের দল।

দুই দলের মধ্যে তিন বিভাগের ব্যবধান থাকায় অদূর ভবিষ্যতে মালিকানা নিয়ে সমস্যার সম্ভাবনা কম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে মেসি কর্নেয়ার সঙ্গে তাঁর সম্পর্ক সীমিত করবেন কি না, তা নিয়ে অপেক্ষা রয়েছে। কারণ তিনি দুটি দলেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন সাধারণত একই শেয়ারহোল্ডারের মালিকানাধীন দুটি দলকে একই বিভাগে খেলার অনুমতি দেয় না।

এলদেনসের ইতিহাস

এলদেনসে ১৯২১ সালে প্রতিষ্ঠিত। স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে ক্লাবটির ইতিহাসের বেশিরভাগ সময় কেটেছে। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে উন্নীত হয় দলটি। পরে ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় বিভাগে খেলছে। এলদা শহরের ৫৭৭৬ আসনের নুয়েভো পেপিকো আমাত স্টেডিয়ামে দলটির হোম ম্যাচ অনুষ্ঠিত হয়।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram