Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সোনা-রুপার সুযোগ শেষ, ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে বাংলাদেশ

সোনা-রুপার সুযোগ শেষ, ব্রোঞ্জ জয়ের লড়াইয়ে বাংলাদেশ

অনলাইন ডেস্ক: এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ কিংবা ওয়ানডে বিশ্বকাপ—প্রতিবার কোনো টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে বাংলাদেশের বড় স্বপ্ন ও প্রত্যাশা থাকে। কোচ-অধিনায়কেরাও আশার কথা শোনান। চলমান এশিয়ান গেমসে যাওয়ার আগে বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিনও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশার কথা জানিয়েছিলেন।

বৃষ্টির কারণে কোয়ার্টার ফাইনাল না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। শেষ চারে পাকিস্তানকে হারাতে পারলে একটি পদক নিশ্চিত হতো। তবে পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে হেরে সোনা বা রুপা জয়ের সুযোগ হারিয়েছে লিটন দাসের দল। এখন তাদের সামনে ব্রোঞ্জ জয়ের সুযোগ রয়েছে।

দেশ ছাড়ার আগে সালাউদ্দিন বলেছিলেন, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ সবার হয় না এবং ক্রিকেট দলের ভালো করার দিকে পুরো দেশ তাকিয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেছিলেন, বাংলাদেশ ভালো করবে এবং পদক নিয়ে ফিরবে।

অধিনায়ক লিটন দাসও জানিয়েছিলেন, গেমসে দলের লক্ষ্য সোনা জেতা এবং সেরা হওয়া।

সেমিফাইনালে টস হেরে আগে ব্যাট করে ১৩ ওভারে ১১১ রান করে বাংলাদেশ। নাগোয়া নিশিন করোগি স্পোর্টস পার্কের ধীরগতির উইকেটে ১১২ রানের লক্ষ্য পাকিস্তানের জন্য কঠিন হবে বলে মনে হচ্ছিল। তবে মুস্তাফিজুর রহমানের দুই ওভারে ৪১ রান নেয় পাকিস্তান। নির্ধারিত ওভারের নয় বল এবং ছয় উইকেট হাতে রেখেই জয় পায় তারা।

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী ৩ অক্টোবর সকালে অনুষ্ঠেয় ম্যাচে জিতলে ব্রোঞ্জ পদক পাবে লিটন দাসের দল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram