অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে দুই বছর আগে যাত্রা শুরু হয়েছিল কাভান সুলিভানের। বাংলাদেশি বংশোদ্ভূত ১৭ বছর ২ দিন বয়সী এই মিডফিল্ডারের সম্প্রতি মার্কিন জাতীয় দলেও অভিষেক হয়েছে। তবে এমএলএসে দারুণ ফর্ম দেখিয়ে কাভান টুর্নামেন্টটির ইতিহাসে সর্বকনিষ্ঠ মাসসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন।
এর আগে ২০২০ সালের আগস্টে ওরল্যান্ডো সিটির স্ট্রাইকার ড্যারিল ডাইক ২০ বছর ৯৮ দিন বয়সে এমএলএসের মাসসেরা ফুটবলার হয়েছিলেন। তার চেয়ে তিন বছরের কম বয়সেই সেই রেকর্ড ভাঙলেন ফিলাডেলফিয়া ইউনিয়নের তরুণ তারকা কাভান।
সেপ্টেম্বরে ফিলাডেলফিয়ার হয়ে কাভান ৪ গোল ও ৫টি অ্যাসিস্ট করেন। ওই মাসে ৯ গোলে অবদান রেখে তিনি লিগের সর্বোচ্চ গোল-অবদানকারী হন।
কাভানের বড় দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট কাভানেরও সম্প্রতি নিজের দেশের হয়ে খেলার স্বপ্ন পূরণ হয়েছে।
সুলিভান পরিবারের সর্বকনিষ্ঠ এই সদস্য টানা সর্বশেষ ৮ ম্যাচে গোল অথবা অ্যাসিস্ট করেছেন। এমএলএসের ইতিহাসে কোনো টিনএজ ফুটবলার এর আগে এমন কীর্তি দেখাতে পারেননি। চলতি মৌসুমে এখন পর্যন্ত কাভানের গোল ৭টি এবং অ্যাসিস্ট ১২টি। ১৯ গোলে অবদান রেখে এক মৌসুমে টিনএজ ফুটবলারের হিসাবে তিনি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে আছেন।
কাভান ১৪ বছর ২৯৩ দিন বয়সে এমএলএসে অভিষেক করেন। ১৮ বছর বয়সে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার অপেক্ষায় থাকা এই ফুটবলার পাথওয়ের মাধ্যমে এমএলএস নেক্সট লীগ থেকে এমএলএস নেক্সট প্রো এবং পরে প্রথম দলে উন্নীত হন। এরপর তিনি এমএলএসের মাসসেরা ফুটবলারের সম্মাননা অর্জন করলেন।

