Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে?

অক্টোবর এলেই কেন এই সিনেমার কথা মনে পড়ে?

অনলাইন ডেস্ক: অপেক্ষাটা অনেকদিনের। সেপ্টেম্বর থাকতেই অনেকে দিন গুনছিলেন, কবে আসবে অক্টোবর। কেন এই মাস ঘিরে এত আগ্রহ-আবেগ? সোশ্যাল মিডিয়ার এ যুগে অক্টোবর ঘিরে এমন আবেগের অনেকটা জুড়ে রয়েছে একটি সিনেমা—যেটার নামও ‘অক্টোবর’.

ক্যালেন্ডারে সেপ্টেম্বর পেরিয়ে অক্টোবর এলেই ফেসবুক ও ইনস্টাগ্রামে সিনেমাটির বিভিন্ন দৃশ্য, চরিত্র এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে পোস্ট দেখা যায়।

অক্টোবরের সঙ্গে সিনেমার যোগসূত্র

প্রকৃতিতে অক্টোবর মানে শিশিরভেজা ঘাস, কাশফুল, সাদা-ধূসর মেঘ ও শীতল হাওয়া। এ সময় ফোটা শিউলি ফুলও মাসটির অন্যতম পরিচিত অনুষঙ্গ। কমলারঙের বোঁটার চারপাশে সাদা পাপড়ি ও মৃদু ঘ্রাণের এই ফুলটির সঙ্গে ‘অক্টোবর’ সিনেমার গল্পেরও গভীর সম্পর্ক রয়েছে।

সিনেমার নায়িকার নাম শিউলি এবং ফুলটির প্রতি তার বিশেষ আবেগ রয়েছে। শিশিরভেজা ঘাসে ছড়িয়ে থাকা শিউলি ফুল কিংবা অভিনেত্রীর ফুল কুড়ানোর দৃশ্য দর্শকের মনে দাগ কেটেছে।

ড্যান ও শিউলির গল্প

সুজিত সরকারের ‘অক্টোবর’ সিনেমার গল্প ড্যান ও শিউলিকে ঘিরে। দুজনেই দিল্লির একটি হোটেলে শিক্ষানবিশ হিসেবে কাজ করে। ড্যান অগোছালো, দায়িত্বজ্ঞানহীন ও কিছুটা বেপরোয়া; শিউলি শান্ত, দায়িত্বশীল এবং কাজে মনোযোগী। তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক না থাকলেও একটি দুর্ঘটনার পর শিউলি কোমায় চলে গেলে ড্যানের জীবন বদলে যায়। দুর্ঘটনার আগে শিউলির শেষ প্রশ্ন ছিল—‘ড্যান কোথায়?’

এই প্রশ্নকে কেন্দ্র করে দুজনের মধ্যে গড়ে ওঠে এমন এক সম্পর্ক, যার পরিচয় নির্দিষ্ট করা কঠিন। শিউলিকে দেখতে নিয়মিত হাসপাতালে যায় ড্যান। নীরবতার মধ্য দিয়ে তৈরি হওয়া তাদের এই সম্পর্ক বন্ধুত্ব, প্রেম নাকি অন্য কিছু—সিনেমা তা স্পষ্ট করে না। তবে পাশে থাকা, যত্ন এবং প্রত্যাশাহীন ভালোবাসার গল্পটি দর্শকের মনে গভীর ছাপ ফেলে।

মুক্তি ও অভিনয়

‘অক্টোবর’ মুক্তি পায় ২০১৮ সালের ১৩ এপ্রিল। ৩৩ কোটি রুপি ব্যয়ে নির্মিত সিনেমাটি বক্স অফিসে প্রায় ৫৮ কোটি রুপি আয় করে। বক্স অফিসে বড় সাফল্য না পেলেও দর্শকের ভালোবাসা পেয়েছে সিনেমাটি।

কেন্দ্রীয় চরিত্রে বরুণ ধাওয়ান ও বণিতা সান্ধুর অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা পায়। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন গীতাঞ্জলি রাও, সাহিল বেদোলিয়া ও আশিশ ঘোষ।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram