অনলাইন ডেস্ক: ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় মাগুরায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কম্পিউটার টাইপিংয়ের ভুলে এ অস্বাভাবিক বিল তৈরি হয়েছে বলে জানিয়েছে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি।
এ ঘটনায় আড়পাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম), বিলিং সুপারভাইজার, বিলিং সহকারী এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
শোকজ পাওয়া ব্যক্তিরা হলেন—আড়পাড়া জোনাল অফিসের ডিজিএম মো. রেজাউল করিম, বিলিং সুপারভাইজার সীমা রানী, বিলিং সহকারী সুমা রানী ঘোষ এবং মিটার রিডার কাম ম্যাসেঞ্জার তোরাব আলী।
মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের নামে সেপ্টেম্বর মাসের বিলটি তৈরি করা হয়। এতে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ ২৩৫ ইউনিট দেখানো হলেও পরিশোধযোগ্য অর্থের ঘরে লেখা হয় ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকা।
অস্বাভাবিক বিলটি পাওয়ার পর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আলেয়া খাতুন মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া জোনাল কার্যালয়ে অভিযোগ করেন। পরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা বিলটি যাচাই করে সংশোধন করেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলাম বলেন, কয়েকদিন আগে ওই গ্রাহকের মিটার পরিবর্তন করা হয়েছিল। বিল প্রস্তুতের সময় ডিমান্ড চার্জের ঘরে নতুন মিটারের সিল নম্বর বসে যাওয়ায় অস্বাভাবিক বিল তৈরি হয় বলে জানান তিনি। তার ভাষ্য, কম্পিউটার টাইপিংয়ের ভুলে ঘটনাটি ঘটেছে। দায়িত্ব পালনে সতর্কতা অবলম্বন না করায় চারজনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতি সূত্রে জানা গেছে, সংশোধনের পর আলেয়া খাতুনের প্রকৃত পরিশোধযোগ্য বিল দাঁড়ায় ১ হাজার ৯৩৮ টাকা। পরে তিনি ওই টাকা পরিশোধ করেন।
ঘটনাটি নিয়ে স্থানীয় গ্রাহকদের মধ্যে আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিল তৈরির প্রক্রিয়ায় এত বড় ভুল কীভাবে হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

