Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

ইয়ামালের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল স্পেন

অনলাইন ডেস্ক: আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের দিনে দ্বিতীয় মিনিটেই স্পেনকে এগিয়ে দিয়েছিলেন লামিনে ইয়ামাল। ক্রোয়েশিয়ার বিপক্ষেও ম্যাচের দ্বিতীয় মিনিটে গোল করে সেই দৃশ্যের পুনরাবৃত্তি করেন তিনি। ইয়ামালের জোড়া গোল ও এক অ্যাসিস্টে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়েছে স্পেন।

মঙ্গলবার দিবাগত রাতে সেভিয়ায় ঘরের মাঠে ক্রোয়েশিয়াকে আতিথ্য দিয়ে পুরো ম্যাচে আধিপত্য দেখায় স্পেন। ৬৪ শতাংশ বল দখলের পাশাপাশি লক্ষ্যে ৭টি শট নেয় স্বাগতিকরা। বিপরীতে ক্রোয়েশিয়া লক্ষ্যে রাখতে পারে মাত্র একটি শট। ইয়ামালের জোড়া গোলের সঙ্গে স্পেনের হয়ে মার্ক পিউবিল ও নিকো উইলিয়ামস একটি করে গোল করেন। ক্রোয়েশিয়ার হয়ে ব্যবধান কমান ডিওন ড্রেনা বেলজো।

দ্বিতীয় মিনিটে অ্যালেক্স বায়েনার বাড়ানো বল ফারমিন লোপেজ ছেড়ে দিলে একই লাইনে থাকা ইয়ামাল দূরের পোস্ট দিয়ে নিখুঁত শটে গোল করেন। ২৮ মিনিটে ইভান পেরিসিচের ক্রসে বেলজো হেডে আন্তর্জাতিক ফুটবলে নিজের প্রথম গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান।

তবে তিন মিনিট পরই ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পিউবিল। জাতীয় দলের হয়ে ২৩ বছর বয়সী এই ডিফেন্ডারের এটিই প্রথম গোল। বিরতির আগে স্পেনের আরও কয়েকটি আক্রমণ সামলাতে হয় ক্রোয়েশিয়াকে।

দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে পেদ্রির রক্ষণচেরা পাস নিয়ন্ত্রণ করে কাছের পোস্ট দিয়ে গোল করেন ইয়ামাল। এটি জাতীয় দলের হয়ে ৩৫ ম্যাচে তার ১০ম গোল; সঙ্গে রয়েছে ১২টি অ্যাসিস্ট।

৮৯ মিনিটে মিকেল মেরিনোর পাস নিয়ে নিকো উইলিয়ামস গোল করলে ৪-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় স্পেনের। এ জয়ে রেকর্ড টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকল দলটি। উয়েফা নেশন্স লিগের ৩ নম্বর গ্রুপে ৩ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে স্পেন; ইংল্যান্ড রয়েছে দুইয়ে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram