অনলাইন ডেস্ক: উয়েফা নেশন্স লিগে অবশেষে জয়ের মুখ দেখল ইংল্যান্ড। স্পেনের কাছে ঘরের মাঠে হেরে আসর শুরু করা থমাস টুখেলের শিষ্যরা প্রাগের ফর্টুনা অ্যারেনায় ১০ জনের চেক প্রজাতন্ত্রকে ২-০ গোলে হারিয়েছে। ম্যাচে ইংল্যান্ডের হয়ে একটি করে গোল করেন অ্যান্থনি গর্ডন ও দলীয় অধিনায়ক হ্যারি কেইন।
ম্যাচের ২৫ মিনিটে এলিয়ট অ্যান্ডারসনকে বিপজ্জনক ট্যাকল করায় লাল কার্ড দেখেন চেক প্রজাতন্ত্রের পাভেল সুলচ। ফলে ১০ জনের দলে পরিণত হওয়া স্বাগতিকদের ওপর চাপ বাড়ায় ইংল্যান্ড। প্রথমার্ধে মরগান রজার্সের শট পোস্টে লেগে ফিরে এলেও গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের অচলাবস্থা ভাঙেন অ্যান্থনি গর্ডন। ৪৭তম মিনিটে ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার একাদশে সুযোগ পাওয়া ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ডের ক্রস থেকে হেডে গোল করেন তিনি।
৬৯ মিনিটে চেক প্রজাতন্ত্রের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগ কাজে লাগান হ্যারি কেইন। জোরালো বাঁ পায়ের শটে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন দলীয় অধিনায়ক।
ইংল্যান্ডের হয়ে এই ম্যাচে নজর কেড়েছেন একাদশে ফেরা দুই ফুলব্যাক ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আর্নল্ড ও লুইস হল। হলের ক্রস থেকে চেক প্রজাতন্ত্র আত্মঘাতী গোলের কাছাকাছি গেলেও পোস্টে লেগে বল প্রতিহত হয়। বাঁ প্রান্তে নিউক্যাসেল ইউনাইটেডের সাবেক সতীর্থ গর্ডনের সঙ্গে হলের সমন্বয়ও ছিল কার্যকর।

