অনলাইন ডেস্ক: বাংলা নাটকে অভিনেতাজুটি হিসেবে মোশাররফ করিম ও ফারুক আহমেদের জনপ্রিয়তা দীর্ঘদিনের। ‘বিহাইন্ড দ্য সিন’, ‘ফাঁদ ও বগার গল্প’, ‘মানিব্যাগ’, ‘বিহাইন্ড দ্য ট্র্যাপ’ ও ‘সিকান্দার বক্স’-এর মতো নাটকে তাদের বন্ধুত্বপূর্ণ রসায়ন দর্শকদের মুগ্ধ করেছে।
তবে দীর্ঘদিন তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। প্রায় পাঁচ বছর পর নতুন নাটক ‘চেয়ারম্যানের হাসবেন্ড’-এর মাধ্যমে ফের একসঙ্গে অভিনয় করছেন এই দুই অভিনেতা। নাটকটি নির্মাণ করছেন সুজিত বিশ্বাস।
নাটকটিতে মোশাররফ করিম ও ফারুক আহমেদকে দুই ভাইয়ের চরিত্রে দেখা যাবে। বড় ভাইয়ের ভূমিকায় ফারুক আহমেদ নানা উদ্ভট কাণ্ড করেন। এসব নিয়ে ছোট ভাই মোশাররফ করিমের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়।
ফারুক আহমেদ জানান, অনেকদিন পর তারা দুজন পছন্দসই একটি কাজ পেয়েছেন। এ কারণে আনন্দ নিয়েই নাটকটিতে অভিনয় করেছেন। তিনি মোশাররফ করিমের অভিনয়গুণ ও শুটিংয়ের প্রতি মনোযোগের প্রশংসাও করেন।
নির্মাতা সুজিত বিশ্বাস জানান, নাটকটিতে মোশাররফ করিম ও ফারুক আহমেদের পাশাপাশি নীলাঞ্জনা নীলা, সায়কা আহমেদ, নূরে আলম নয়নসহ আরও অভিনয় করেছেন। সম্প্রতি গাজীপুরের পুবাইলে নাটকটির শুটিং শেষ হয়েছে। শিগগিরই নাটকটি ইউটিউবে প্রকাশ করা হবে।

