অনলাইন ডেস্ক: ফেনীর সোনাগাজীতে কিশোর গ্যাং ও কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩১ কিশোরকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহর, কলেজ রোড, হাওয়াই রোড, তাকিয়া রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, কিশোর গ্যাং ও কিশোর অপরাধে জড়িত থাকার সন্দেহে বিভিন্ন স্থানে থাকা কিশোরদের জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। আটকদের পরিচয় ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করা হচ্ছে। নিরাপরাধদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হচ্ছে।
সোনাগাজী উপজেলা বিএনপির সদস্যসচিব সৈয়দ আলম ভূঁঞা পুলিশের এ উদ্যোগকে সচেতনতা তৈরির জন্য প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সন্ধ্যার পর ছাত্রদলের নেতাকর্মীরা যেন পড়ার টেবিল ছাড়া বাইরে আড্ডায় না থাকে, সে বিষয়ে নির্দেশনা রয়েছে।
তবে কলেজ রোড থেকে আটকের বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব সোহাগ নূর। তাঁর দাবি, ফেনীতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে সামনে রেখে বুধবারের স্বাগত মিছিলের প্রস্তুতির জন্য কয়েকজন কর্মী সেখানে জড়ো হয়েছিলেন। পুলিশ ওই স্থান থেকে দলীয় লোকজনকে আটক করেছে বলে তিনি দাবি করেন।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসিম বলেন, কিশোর অপরাধ দমনে নিয়মিত আড্ডাস্থল হিসেবে চিহ্নিত বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে। আটক ৩১ জনের মধ্যে ২৭ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। কিশোর অপরাধ দমনে সোনাগাজী উপজেলাজুড়ে ধারাবাহিক অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

