অনলাইন ডেস্ক: ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভারতের জার্সিতে অসাধারণ ফর্মে ছিলেন বিরাট কোহলি। ফাইনালে হাফ সেঞ্চুরিও করেছিলেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের বলে বোল্ড হন তিনি। সেই হৃদয়বিদারক আউট নিয়ে এবার নীরবতা ভাঙলেন ভারতের ব্যাটিং তারকা।
৮১ রানে তিন উইকেট হারানোর পর লোকেশ রাহুলকে নিয়ে ইনিংস সামাল দেন কোহলি। টপ অর্ডার ভেঙে পড়ার পর এই জুটি ৬৭ রান যোগ করে। কোহলি ৬৩ বলে ৫৪ রান করে আউট হন। পরে রাহুল সর্বোচ্চ ৬৬ রান করলেও অনেক বল খেলেন। কোহলিকে ফিরিয়ে ভারতকে চাপে ফেলে দেন কামিন্স।
২০২৫ সালে আইপিএল শিরোপা জেতার আগ পর্যন্ত ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ফাইনালে হারের স্মৃতি কোহলির মনে ছিল। একইভাবে ২০২৩ বিশ্বকাপ ফাইনালে হারের কথাও তিনি মনে রেখেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিপক্ষে আউট হওয়ার ঠিক আগেও আরও বড় অবদান রাখার চিন্তা করছিলেন তিনি।
জিও স্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ২০২৫ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল জেতার আগে ২০১৬ সালের ফাইনালে হারের কথা তাঁর মনে পড়ত। বিশ্বকাপ ফাইনাল নিয়েও তাঁর একই অনুভূতি হয় বলে জানান তিনি।
কোহলির মতে, আরও বড় ইনিংস খেলতে পারলে ফাইনালে ভারত শক্ত অবস্থানে থাকতে পারত। তিনি জানান, ৫৪ রানে ব্যাট করার সময় বড় সেঞ্চুরি করে ১৪০-১৫০ রান করার কথা ভাবছিলেন। তাঁর ধারণা ছিল, এতে ভারত ৩০০ রানের বেশি সংগ্রহ পেতে পারত এবং নিজেদের বোলিং দিয়ে ম্যাচ জয়ের ভালো সুযোগ তৈরি করতে পারত। তবে কামিন্সের বলে আউট হওয়ার ঘটনাটি দীর্ঘদিন তাঁর মনে ছিল বলেও জানান কোহলি।

