Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত: ছাত্রদল নেতা আবিদ

অনলাইন ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ‘ব্রাউনফিশ স্টুডিওতে’ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান আবিদ। তিনি বলেছেন, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় আমরা লজ্জিত।

রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাত ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে আবিদ এসব কথা বলেন।

পোস্টে তিনি জানান, সালমান মুক্তাদির জুলাইয়ের সহযোদ্ধা। হামলার ঘটনায় লজ্জা প্রকাশ করে তিনি প্রশাসনের প্রতি জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে পুরো ঘটনা দ্রুত ও পুঙ্খানুপুঙ্খভাবে অনুসন্ধান করে জাতির সামনে তুলে ধরার দাবি জানান।

চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে প্রায় এক থেকে দেড়শ লোক স্টুডিওতে ঢুকে হামলা, ভাঙচুর ও মালামাল লুট করেছে বলে অভিযোগ উঠেছে। এক কর্মকর্তার অভিযোগ, হামলাকারীদের কয়েকজনের হাতে চাপাতি ও আগ্নেয়াস্ত্র ছিল। এ সময় স্টুডিওর প্রয়োজনীয় যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়া হয়। তবে ঘটনায় কেউ আহত হননি।

সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে স্টুডিওতে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ফেসবুক লাইভে ধ্বংস হয়ে যাওয়া স্টুডিও দেখিয়ে তিনি জানান, স্টুডিওটি নষ্ট হয়ে গেলেও তিনি তার কাজ চালিয়ে যাবেন। হামলার ঘটনায় মামলা করার কথাও জানিয়েছেন তিনি।

হামলায় বিএনপির লোকজন জড়িত বলেও অভিযোগ করেছেন সালমান মুক্তাদির।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram