Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কচুরিপানার আগ্রাসনে ম্লান চলনবিলের সৌন্দর্য

কচুরিপানার আগ্রাসনে ম্লান চলনবিলের সৌন্দর্য

অনলাইন ডেস্ক: বর্ষার পানিতে থইথই করা চলনবিলের নয়নাভিরাম সৌন্দর্য এখন ম্লান হয়ে গেছে কচুরিপানার আগ্রাসনে। একসময় যেখানে লাল-সাদা শাপলার সমারোহ আর পাখির কলকাকলিতে মুখর থাকত বিস্তীর্ণ জলরাশি, সেখানে এখন চোখে পড়ে কেবল কচুরিপানার সবুজ আস্তরণ। এর প্রভাবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, ব্যাহত হচ্ছে কৃষিকাজ, মৎস্য আহরণ ও নৌ-চলাচল। দুর্ভোগে পড়েছেন কৃষক, জেলে, মাঝি ও পর্যটকরা।

নাটোরের গুরুদাসপুর ও সিংড়া উপজেলার চলনবিল এলাকার কয়েক হাজার হেক্টর জলাভূমিতে কচুরিপানার বিস্তার ঘটেছে। বিলের পানির ওপর মাইলের পর মাইলজুড়ে কচুরিপানার স্তর ভাসছে। এতে জীববৈচিত্র্যের পাশাপাশি স্থানীয় মানুষের জীবন-জীবিকাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

নৌচলাচলে দুর্ভোগ

বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম নৌকা। তবে কচুরিপানার পুরু স্তরের কারণে অনেক স্থানে নৌচলাচল কঠিন হয়ে পড়েছে। মাঝি আশরাফ হোসেনের ভাষ্য, কচুরিপানা নৌকার ইঞ্জিনের ফ্যানে আটকে যায় এবং অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয়। দূরের পথে ঘুরে যেতে হওয়ায় সময় ও জ্বালানি দুটোই বেশি লাগে।

চলনবিলে বেড়াতে আসা পর্যটকরাও হতাশা জানিয়েছেন। নওগাঁর আত্রাই থেকে পরিবার নিয়ে আসা রফিকুল ইসলাম বলেন, চলনবিলের সৌন্দর্যের কথা শুনে এলেও পুরো বিল কচুরিপানায় ঢাকা দেখতে পেয়েছেন। তাঁদের নৌকাও কয়েকবার কচুরিপানায় আটকে যায়।

কৃষিকাজে বাড়তি খরচের শঙ্কা

কচুরিপানার বিস্তার কৃষিখাতে উদ্বেগ তৈরি করেছে। আসন্ন আমন ধান, আগাম সরিষা, গম ও বোরো আবাদ নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকেরা। কৃষক ফরিদ হোসেন বলেন, জমি চাষের আগে কচুরিপানা পরিষ্কার করতে হাজার হাজার টাকা খরচ হয়। বন্যার ক্ষতি সামলানোর পর এই বাড়তি খরচের চাপ নিতে হবে। অর্থ ব্যয় করলেও শ্রমিক পাওয়া কঠিন বলে জানান তিনি।

কৃষক জহুরুল ইসলাম বলেন, কচুরিপানা সরানোর কাজ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। অতিরিক্ত খরচের কারণে অনেক কৃষক জমি অনাবাদি রাখার কথাও ভাবছেন।

নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাবিবুর ইসলাম খান বলেন, চলনবিলে কচুরিপানার বিস্তারে কৃষকেরা ভোগান্তিতে পড়ছেন। জমি পরিষ্কারে অতিরিক্ত শ্রম ও অর্থ ব্যয় হচ্ছে, যা ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কচুরিপানা অপসারণে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram