অনলাইন ডেস্ক: প্রথম দেখায় মনে হবে, ঝলমটে কাপড় ও সূক্ষ্ম অলংকারে সাজানো দেবী দুর্গা। কিন্তু কাছে গেলেই বদলে যাবে সেই ধারণা। শাড়ির কুঁচি থেকে অলংকার—সবখানেই দেখা যাবে সারি সারি দেশলাই কাঠি। কাঠির ফাঁকে জড়িয়ে আছে রেশমি সুতা। সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে এবার এমনই ব্যতিক্রমী আয়োজনে তৈরি হচ্ছে দুর্গাপ্রতিমা।
সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ব্রহ্মরাজপুর সর্বজনীন শ্রীশ্রী দুর্গাপূজা মন্দিরে চলছে প্রতিমা তৈরির কাজ। আয়োজনটি দেখতে প্রতিদিন মন্দিরে ভিড় করছেন স্থানীয়রা।
মাটির তৈরি প্রতিমার অবয়বের ওপর নিখুঁতভাবে দেশলাই কাঠি বসাচ্ছেন শিল্পীরা। কোথাও কাঠি রাখা হয়েছে সোজা সারিতে, কোথাও তৈরি করা হয়েছে ঢেউখেলানো নকশা। কাঠির ফাঁকে ফাঁকে জড়িয়ে দেওয়া হচ্ছে রেশমি সুতা। দেবীর শাড়ির কুঁচি, পোশাক ও অলংকারেও ফুটিয়ে তোলা হচ্ছে এই নকশা।
প্রতিমাশিল্পী নবদ্বীপ সরকার বলেন, তিন বছর আগে ভারতে একটি মন্দিরে এ ধরনের কাজ দেখেছিলেন তিনি। সেই অভিজ্ঞতা থেকে এবার সাতক্ষীরায় দেশলাই কাঠি ও রেশমি সুতা দিয়ে প্রতিমা তৈরির উদ্যোগ নেন। পূজার আগে কাজ শেষ করতে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে বলেও জানান তিনি। কখনো রাত দুইটা-তিনটা পর্যন্ত কাজ করতে হয়। একটি কাঠি সামান্য এদিক-ওদিক হলে নকশার সৌন্দর্য নষ্ট হতে পারে বলে প্রতিটি কাঠি সতর্কতার সঙ্গে বসানো হচ্ছে।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিমার পোশাক ও অলংকার তৈরিতে দেড় লাখের বেশি দেশলাই কাঠি এবং ১০ কেজির বেশি রেশমি সুতা ব্যবহার করা হচ্ছে। শুধু শিল্পীদের পারিশ্রমিক বাবদ খরচ হচ্ছে প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা। পূজার অন্যান্য খরচসহ এবার মোট ব্যয় ধরা হয়েছে প্রায় পাঁচ লাখ টাকা।
ব্রহ্মরাজপুরে ব্যতিক্রমী প্রতিমা তৈরির আয়োজন এবারই প্রথম নয়। গত বছর ১০০ কেজি চিনিগুঁড়া ধান দিয়ে দুর্গাপ্রতিমা তৈরি করা হয়েছিল। সেই প্রতিমা দেখতে বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এসেছিলেন। গত বছরের সাড়া থেকেই এবার নতুন কিছু করার পরিকল্পনা নেয় পূজা উদ্যাপন কমিটি।
কমিটির উপদেষ্টা কানাইলাল বলেন, গত বছর ধানের প্রতিমা তৈরির পর এবার আরও আকর্ষণীয় কিছু করার চিন্তা থেকে দেশলাই কাঠি ও রেশমি সুতা ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্রহ্মরাজপুর শ্রীশ্রী দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট গৌতম ঘোষ বলেন, কমিটি ও ভাস্করের সঙ্গে আলোচনা করে এবার এই প্রতিমা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাতক্ষীরা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষও দেশলাই কাঠির নকশার প্রশংসা করেছেন এবং বাইরের দর্শনার্থীরা প্রতিমা দেখতে আসবেন বলে আশা প্রকাশ করেছেন।

