অনলাইন ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে হঠাৎ করেই বেড়েছে বানরের উৎপাত। এতে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান, বসতবাড়ি ও ফসলি জমিতে ঢুকে খাবার ও বিভিন্ন সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি গাছপালা ও স্থাপনার ক্ষতি করছে বানরের দল। এমনকি রিসোর্টে আগত দর্শনার্থীদেরও বিরক্ত ও আতঙ্কিত করছে তারা।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর এলাকার বিভিন্ন স্থানে এমন চিত্র দেখা গেছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় দুই মাস আগে কোনো জঙ্গল বা আশপাশের এলাকা থেকে চার-পাঁচটি বানর জয়নগরে আসে। দোকানপাট, ব্যবসাপ্রতিষ্ঠান ও রিসোর্ট থাকায় পর্যটকেরা বানরগুলোকে খাবার দিতেন। পরে বানরের দল বিভিন্ন দোকান থেকে খাবার চুরি করে নিয়ে যেতে শুরু করে। বর্তমানে তারা নিয়মিত বসতবাড়ি, দোকান, রান্নাঘর ও রিসোর্টে ঢুকে খাবারসহ বিভিন্ন সামগ্রী নিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, বানরের উৎপাত বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। বাড়িঘরের বিভিন্ন জিনিসপত্র, গাছপালা ও স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের ধারণা, শুরুতে খাবার দেওয়ার কারণে বানরগুলো মানুষের বসতি ও ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে অভ্যস্ত হয়ে থাকতে পারে।
স্থানীয়রা সংশ্লিষ্ট বন বিভাগকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বানরগুলোর সংখ্যা, অবস্থান ও চলাচল সম্পর্কে খোঁজ নেওয়ার দাবি জানিয়েছেন। লোকালয়ে ঢুকে পড়া বানরগুলোকে নিরাপদে অন্যত্র সরিয়ে নেওয়া এবং মানুষ বা প্রাণীর ক্ষতি ঠেকাতে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
সলিমপুর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন সাদেক খাঁন টি স্টোরের স্বত্বাধিকারী রুবেল খাঁন জানান, বানরের দল তার দোকান থেকে কলা, পাউরুটি, চিপস ও কেকসহ বিভিন্ন খাবার নিয়ে যাচ্ছে। এতে তিনি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন বলে জানান।
স্বপ্নদ্বীপ রিসোর্টেও বানরের উৎপাতের কথা জানিয়েছেন খাইরুল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মুনিম তাজওয়ার অহিন। তার ভাষ্য, বানরের দল দর্শনার্থীদের দিকে তেড়ে আসে, ক্যান্টিন থেকে খাবার নিয়ে যায় এবং বিদেশি অতিথিদের কক্ষেও ঢুকে ক্ষতি করছে। সুইমিংপুলে থাকা পর্যটকদের জামাকাপড় নিয়ে যাওয়ার পাশাপাশি রিসোর্টের স্থাপনা ও গাছপালার ক্ষতি করছে বলেও তিনি জানান।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম রবি, রেবেকা বেগম ও শফিকুল ইসলাম সবুজও বাড়ির ছাদ, রান্নাঘর ও বাগানে বানরের উৎপাতের কথা জানিয়েছেন। তাদের ভাষ্য, বানরের কারণে খাবার নষ্ট, গাছের ক্ষতি ও শিশুদের আতঙ্কের ঘটনা ঘটছে।
ঈশ্বরদী সামাজিক বনায়ন নার্সারি কেন্দ্রের (এসএফপিসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ফশিউল আলম বলেন, বিষয়টি তিনি জানতে পেরেছেন। মানুষ ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতি হওয়ায় দ্রুত স্টাফ পাঠিয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

