Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বিশেষ সংকেত ও কোডে ফাইল পাস, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অবৈধ কারবারের অভিযোগ

বিশেষ সংকেত ও কোডে ফাইল পাস, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে অবৈধ কারবারের অভিযোগ

অনলাইন ডেস্ক: নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের বাইরে ‘দালালমুক্ত সেবা’র প্রচার চললেও ভেতরে বিশেষ সংকেত ও কোড নম্বরে ফাইল পাস করানোর গোপন কারবারের অভিযোগ উঠেছে। সেবা নিতে এসে প্রতিদিন শত শত সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করা হয়েছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত দালালদের সমন্বয়ে গড়ে ওঠা একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন প্রায় পাঁচ লাখ টাকা লেনদেন হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মতো সংবেদনশীল প্রশাসনিক কাজ ঝাড়ুদার ও নিরাপত্তা প্রহরীদের দিয়ে করানোর তথ্যও অনুসন্ধানে উঠে এসেছে।

সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, সঠিক কাগজপত্র নিয়েও সাধারণ আবেদনকারীরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ফাইল ফেরত পাচ্ছেন। বিপরীতে দালালদের আনা ফাইল বিশেষ ই-মেইল ঠিকানা বা ফাইলে লেখা গোপন কোড দেখে দ্রুত অনুমোদন পাওয়ার অভিযোগ রয়েছে।

আবেদনের পাতায় ‘২০২০’, ‘Mos’, ‘R-119’ কিংবা ‘২৫২৬-০০০১৯৮০-জ’-এর মতো হাতে লেখা নম্বর এবং নির্দিষ্ট ই-মেইল ডোমেইন ব্যবহার করে ফাইল আলাদা করা হয় বলে অনুসন্ধানে জানা গেছে।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিদিন জমা পড়া সাড়ে চারশ থেকে আটশ আবেদনের অর্ধেকেরও বেশি দালালদের মাধ্যমে জমা পড়ে। প্রতি ফাইলে এক হাজার থেকে দেড় হাজার টাকা অতিরিক্ত নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের কেন্দ্রে অফিসের একাধিক কর্মকর্তা-কর্মচারীর নাম এসেছে। উপপরিচালক আবু নাঈম মাসুমের আশ্রয়-প্রশ্রয়ে ঘুষের টাকার বড় অংশ লেনদেন হয় বলে অভিযোগ করা হয়েছে। উপসহকারী পরিচালক মোহাম্মাদ সাইফুল হাসান, উচ্চমান সহকারী কামরুল হাসান এবং অফিস সহকারী মো. আল মামুন ও মো. সাখাওয়াত হোসেন দালালদের সঙ্গে যোগাযোগ রেখে ফাইল অনুমোদন করেন বলেও দাবি করা হয়েছে।

অনুসন্ধানে ৩০৫ নম্বর কক্ষে পরিচ্ছন্নতাকর্মী বাবুরুল ইসলাম বাবর এবং তৃতীয় তলায় নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের কম্পিউটারে দাপ্তরিক কাজ করতে দেখা যায়। অফিস সময়ের পরও এসব কাজ চলার অভিযোগ রয়েছে।

সোনারগাঁয়ের বাসিন্দা আকলিমা বেগমের অভিযোগ, দুইবার লাইনে দাঁড়িয়েও কাগজপত্রের ঘাটতির কথা বলে তাকে ফেরত পাঠানো হয়। পরে বাইরের একটি কম্পিউটারের দোকানের সহায়তায় অতিরিক্ত তিন হাজার টাকা দেওয়ার পর একই কাগজপত্রে দ্রুত সই হয়ে যায়।

মাসদাইরের গার্মেন্টসকর্মী সাগর মিয়া জানান, সকাল সাতটায় এসে দীর্ঘ সময় দাঁড়িয়েও তিনি ফাইল জমা দিতে পারেননি। তাঁর দাবি, নির্ধারিত কোড থাকা ফাইলগুলো সহজেই ভেতরে নেওয়া হচ্ছিল। নুরু, হাদী, রাজিব ও শাহজালাল নামে কয়েকজন বহিরাগত ব্যক্তি অফিসের আশপাশে দালালি করছেন বলেও অভিযোগ রয়েছে।

পরিচ্ছন্নতাকর্মী বাবুরুল ইসলাম বাবর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই তিনি কম্পিউটারে বসে ফাইল যাচাইয়ের কাজ করছেন।

তবে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের উপপরিচালক আবু নাঈম মাসুম অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, কার্যালয়কে দালালমুক্ত রাখতে নিয়মিত মাইকিং করা হয়। লোকবল সংকটের কারণে পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে সাময়িক সহযোগিতা নেওয়া হচ্ছে বলে স্বীকার করলেও সংকেত ব্যবহার ও ঘুষ লেনদেনের অভিযোগের বিষয়ে তিনি সদুত্তর দিতে পারেননি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রায়হান কবির বলেন, পাসপোর্ট কার্যালয়ের দুর্নীতির বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিচ্ছন্নতাকর্মী দিয়ে দাপ্তরিক কাজ করানো অত্যন্ত দুঃখজনক। দালালি ও কোড ব্যবহারের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram