অনলাইন ডেস্ক: স্টিফেন ফ্লেমিংয়ের বিদায়ের পর নতুন প্রধান কোচ খুঁজছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। শেষ পর্যন্ত সেই দায়িত্ব পেয়েছেন ভারতের সাবেক পেসার জহির খান। তবে তার আগে গুজরাট টাইটানসের কোচ আশিস নেহরাকেও বিবেচনায় রেখেছিল আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এমনটাই জানিয়েছেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে সিএসকের কোচ নিয়োগের প্রক্রিয়া নিয়ে কথা বলেন অশ্বিন। তার দাবি, ফ্লেমিংয়ের উত্তরসূরি খুঁজতে একাধিক কোচের সঙ্গে আলোচনা করেছিল ফ্র্যাঞ্চাইজিটি। সেই তালিকায় নেহরাও ছিলেন।
অশ্বিনের ভাষ্য, নেহরা গুজরাট টাইটানস ছাড়ার প্রয়োজন নেই। কারণ, সেখানে তিনি সফল একটি ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলাচ্ছেন। নেহরার অধীনে ২০২২ সালে অভিষেক মৌসুমেই আইপিএল শিরোপা জেতে গুজরাট। পরের বছর ফাইনালে ওঠার পর ২০২৬ সালেও ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে দলটি।
নেহরার পাশাপাশি আরও দুই ভারতীয় কিংবদন্তি ও কয়েকজন বিদেশি কোচকেও বিবেচনা করেছিল চেন্নাই। তবে নানা কারণে তাদের সঙ্গে চুক্তি করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন অশ্বিন।
কিছু কোচ এক বছরের চুক্তিতে রাজি ছিলেন না। আবার একজন বিদেশি কোচের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও সিএসকের বাইরে আন্তর্জাতিক টুর্নামেন্টে কাজ করতে না পারলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল তার।
শেষ পর্যন্ত জহির খানকে প্রধান কোচ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অশ্বিন। তার মতে, ক্রিকেটীয় জ্ঞান, বোলিং কৌশল সম্পর্কে দক্ষতা এবং খেলোয়াড়দের সঙ্গে কাজ করার সক্ষমতার কারণে এই দায়িত্বের জন্য জহির উপযুক্ত।

