Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী, দুর্ভোগে তিন গ্রামের মানুষ

অনলাইন ডেস্ক: যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের বীর নারায়ণপুর, ফুলবাড়ী ও হাপানিয়া গ্রামের প্রধান কাঁচা সড়কটি সামান্য বৃষ্টিতেই ডুবে যায়। কোথাও হাঁটুসমান কাদা, আবার কোথাও চাকা দেবে তৈরি হয়েছে গভীর নালা। গর্তে ঘোলা পানি জমে থাকায় পিচ্ছিল কাদার মধ্য দিয়ে চলাচল কঠিন হয়ে পড়ে। এর মধ্যেই শিক্ষার্থীদের স্কুলে যেতে হচ্ছে, পথচারীদের কাঁধে করে সাইকেল পার করতে হচ্ছে এবং কৃষকদের ফসল বাজারে নিতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বীর নারায়ণপুর গ্রামের পশ্চিমপাড়া মসজিদ থেকে ফুলবাড়ী গ্রামের ভেতর দিয়ে হাপানিয়া গ্রামের মোড় পর্যন্ত বিস্তৃত সড়কটি তিন গ্রামের মানুষের প্রধান যোগাযোগের পথ। এই সড়ক দিয়ে স্থানীয় বাসিন্দারা সাতমাইল বাজার, বারোবাজার ও খাজুরা বাজারে যাতায়াত করেন। প্রতিদিন শত শত মানুষ পথটি ব্যবহার করেন।

সড়কের মাঝামাঝি রয়েছে ফুলবাড়ী মডেল স্কুল, খেলার মাঠ, মসজিদ ও ঈদগাহ। এর পাশে ওসমানপুর আলিম মাদরাসা, ফুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয় ও ফুলবাড়ী কমিউনিটি ক্লিনিক থাকায় শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ ও রোগীদের এই পথেই চলাচল করতে হয়।

দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশের মাটি ক্ষয়ে গেছে। কোথাও কোথাও সড়কটি পাশের কৃষিজমির সঙ্গে একাকার হয়ে গেছে। বিভিন্ন স্থানে বড় গর্ত তৈরি হয়েছে এবং সেগুলোতে ঘোলা পানি জমে রয়েছে। বর্ষায় পরিস্থিতি আরও খারাপ হয়।

সকালে স্কুলগামী শিক্ষার্থীদের দুর্ভোগ বেশি দেখা যায়। কাদার কারণে সাইকেল চালানো যায় না। শিক্ষার্থীদের কাদা মাড়িয়েই স্কুলে যেতে হয়; পা পিছলে পড়ে জামাকাপড় নষ্ট হওয়ার ঘটনাও ঘটে। বেশি বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হয় বলে জানায় শিক্ষার্থীরা।

ফুলবাড়ী মডেল স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ইসলাম বলেন, বর্ষায় স্কুলে যাওয়া কঠিন হয়ে পড়ে এবং কাদায় পড়ে অনেক সময় জামাকাপড় নষ্ট হয়। ওসমানপুর আলিম মাদরাসার অধ্যক্ষ শাহীদুর রহমান বলেন, সামান্য বৃষ্টিতেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে যাওয়ায় অনেক শিক্ষার্থী মাদরাসায় আসতে পারে না। তিনি সড়কটি পাকা করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০০৪ সালে এলাকায় মডেল স্কুল প্রতিষ্ঠিত হলেও স্কুলের সংযোগকারী সড়কটির উন্নতি হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে দীর্ঘদিন দাবি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি।

সড়কের বেহাল অবস্থায় কৃষকরাও সমস্যায় পড়েছেন। সড়কের দুই পাশে ধান ও বিভিন্ন সবজি চাষ হলেও ফসল বাজারে নিতে নানা ভোগান্তি হচ্ছে। কৃষক মীনারুল ইসলাম জানান, অনেক সময় সাইকেল ঘাড়ে করে নিতে হয় বা সড়ক থেকে দূরে রেখে জমিতে যেতে হয়। যানবাহন চলাচল করতে না পারায় পরিবহন খরচও বেড়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষায় সামাজিক অনুষ্ঠান, আত্মীয়স্বজনের যাতায়াত এবং জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও সমস্যা হয়।

যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার হক জানান, সড়কটির করুণ অবস্থার কথা আগে জানা ছিল না। বিষয়টি জানার পর তিনি গুরুত্ব দিয়ে দেখছেন। শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন, সড়কটি দ্রুত সংস্কারে পদক্ষেপ নেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram