অনলাইন ডেস্ক: রদ্রিকে দলে পেতে আগ্রহী ছিল রিয়াল মাদ্রিদ। তবে শেষ পর্যন্ত স্প্যানিশ মিডফিল্ডারকে দলে ভেড়াতে পারেনি তারা। চিরপ্রতিদ্বন্দ্বীদের প্রস্তাব ফিরিয়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন রদ্রি। রিয়ালের আগ্রহ ও কোচ হোসে মরিনিওর আচরণের প্রতি কৃতজ্ঞতা জানালেও, নিজের ফুটবলীয় ভবিষ্যতের কথা ভেবেই বার্সেলোনাকে বেছে নিয়েছেন তিনি।
মুন্দো দেপোর্তিভোকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত ছিল না। বিশ্বকাপের পর ছুটি কাটানোর পরিকল্পনা থাকলেও দুই ক্লাবের প্রস্তাব বিবেচনা করে তাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছে।
রদ্রি বলেন, রিয়াল মাদ্রিদকে না বলা সহজ ছিল না, বিশেষ করে ক্লাবটি তার সঙ্গে যেভাবে আচরণ করেছে তা অসাধারণ। তবে কোন ক্লাবে খেলোয়াড় হিসেবে আরও ভালো করা ও নিজেকে বিকশিত করা যাবে—ক্রীড়াগত দিক বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।
বার্সেলোনার ক্রীড়া পরিচালক দেকো ও কোচ হান্সি ফ্লিকের পরিকল্পনা তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে বলে জানান রদ্রি। তাদের সঙ্গে আলোচনার পরই বার্সেলোনায় যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
রিয়ালের কোচ মরিনিওর সঙ্গেও ব্যক্তিগতভাবে কথা বলেছেন রদ্রি। আলাপের বিস্তারিত প্রকাশ না করে তিনি জানান, মরিনিও তাকে দলে পেতে চেয়েছিলেন এবং দলে তার সম্ভাব্য অবদান সম্পর্কে জানিয়েছিলেন। সিদ্ধান্ত নেওয়ার পর আগ্রহ ও ভালো আচরণের জন্য মরিনিওকে ফোন করে ধন্যবাদ জানান রদ্রি।
মরিনিওকে দারুণ একজন কোচ উল্লেখ করে রদ্রি বলেন, তিনি যেখানে কাজ করেছেন সেখানেই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। তার মতে, লা লিগায় রিয়াল মাদ্রিদ কঠিন প্রতিপক্ষ হবে।
ব্যালন ডি’অর অনুষ্ঠানে ভিনিসিয়ুস জুনিয়রের অনুপস্থিতি বা অন্য কোনো বিতর্ক রিয়ালকে প্রত্যাখ্যানের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে কি না—এমন প্রশ্নে রদ্রি জানান, এসব বিষয়ে তিনি খুব বেশি মনোযোগ দেননি। বরং ফুটবলে মনোযোগ ধরে রাখতেই চেয়েছেন তিনি।

