Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ঠিকাদারি কাজ নিয়ে দুই নেতার বিরোধ, তদন্তে বিএনপির কমিটি

ঠিকাদারি কাজ নিয়ে দুই নেতার বিরোধ, তদন্তে বিএনপির কমিটি

অনলাইন ডেস্ক: ফেনীতে সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবির অভিযোগে জেলা বিএনপির সদস্য কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে দুই মামলা হওয়ার পর এবার তার সঙ্গে ঠিকাদার ও জেলা বিএনপির সদস্য সাইফুর রহমান রতনের বিরোধ তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার নিজের ফেসবুক আইডিতে একটি চিঠি পোস্ট করে এ তথ্য জানান।

চিঠিতে বলা হয়, ফেনীতে একটি সড়ক উন্নয়নকাজকে কেন্দ্র করে কামরুল হাসান মাসুদ ও সাইফুর রহমান রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরের বিরুদ্ধে বক্তব্য ও বিবৃতি দেওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। বিষয়টিকে চিঠিতে ‘কাম্য নয়’ বলা হয়েছে।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবীকে প্রধান করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী ও কফিল উদ্দিন মামুন। কমিটিকে সাত দিনের মধ্যে জেলা বিএনপির আহ্বায়কের কাছে লিখিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সড়ক উন্নয়নকাজকে কেন্দ্র করে দুই নেতার বিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া তাদের বক্তব্য ও বিবৃতি তদন্তের আওতায় থাকবে।

এর আগে ফেনী সদর উপজেলার ধলিয়ায় সরকারি উন্নয়নকাজে চাঁদা দাবির অভিযোগে কামরুল হাসান মাসুদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন ঠিকাদার সাইফুর রহমান রতন ও এনায়েত উল্যাহ স্বপন। ২০ সেপ্টেম্বর আদালত মামলা দুটি আমলে নিয়ে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো. আবু জাহের বাদল ফেনী মডেল থানার ওসিকে এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দেন।

মামলার অভিযোগে সাইফুর রহমান রতন বলেন, দৌলতপুর-ধলিয়া এলাকায় তার দুটি সড়কের নির্মাণকাজ চলছিল। প্রায় ২ কোটি ৮ লাখ টাকার ওই কাজের বিপরীতে ৫ থেকে ৭ শতাংশ হারে চাঁদা দাবি করা হয় এবং চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে অভিযোগ করেন তিনি। চরহুজুরী সড়কের সংস্কারকাজ শেষে যন্ত্রপাতি নিয়ে যাওয়ার চেষ্টা ও ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগও করেন রতন।

অন্য মামলার বাদী এনায়েত উল্যাহ স্বপন বিভিন্ন ঠিকাদারি কাজের জন্য চাঁদা দাবি ও তাকে মারধরের অভিযোগ করেন। ঠিকাদারি কাজের সিডিউল কেনাকে কেন্দ্র করে ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিনের সঙ্গে মাসুদের বিরোধের কথাও মামলায় উল্লেখ করা হয়।

তবে অভিযোগগুলো অস্বীকার করেছেন কামরুল হাসান মাসুদ। তিনি এগুলোকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে বলেন, এনায়েত উল্যাহ স্বপনের বিরুদ্ধে জেলা বিএনপির কাছে জায়গা সংক্রান্ত অভিযোগ রয়েছে। ওই অভিযোগ তদন্তে তিনজনকে দায়িত্ব দেওয়ার পর থেকেই স্বপন তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram