অনলাইন ডেস্ক: পায়ে আলতা, খোঁপায় বাহারি ফুল আর লাল-হলুদ শাড়ির রঙিন আবহে বুধবার বিকেলে নওগাঁর পত্নীতলা উপজেলার ঐতিহাসিক মাঠে অনুষ্ঠিত কারাম উৎসব মুখর হয়ে ওঠে। ঢোল, মাদল ও মন্দিরার সুরে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের এই আয়োজন প্রকৃতির বন্দনা এবং ভাষা-সংস্কৃতি সংরক্ষণের এক মিলনমেলায় পরিণত হয়।
২৩ সেপ্টেম্বর জাতীয় আদিবাসী পরিষদের আয়োজনে অনুষ্ঠানে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। উৎসব দেখতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও সেখানে ভিড় করেন। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা ওঁরাও, মুন্ডা, সাঁওতাল, মাহাতো ও হাঁড়িসহ বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অংশগ্রহণে মাঠটি প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনের প্রধান আকর্ষণ ছিল নিজস্ব মাতৃভাষায় সমবেত গান ও নৃত্য। নাচ-গানের মধ্য দিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।
কারাম উৎসব খিল কদম ডাল পূজাকে কেন্দ্র করে পালিত একটি ঐতিহ্যবাহী আয়োজন। ভাদ্র মাসের শুক্লা একাদশী তিথিতে ধান রোপণের কাজ শেষ হওয়ার পর সমতলের ক্ষুদ্র জাতিসত্তার মানুষ এ উৎসব পালন করেন। উৎসবের আগের দিন অবিবাহিত তরুণীরা জঙ্গল থেকে পবিত্র ‘কারাম’ বা খিল কদম গাছের ডাল নিয়ে আসেন। তাদের বিশ্বাস, এ উৎসব জীবনে সৌভাগ্য আনে এবং অভাব ও গ্লানি দূর করে।
উৎসবের দিন মাঠে ডাল পুঁতে তাতে ফুল ও নতুন গামছা পেঁচানো হয়। বাঁশের ডালায় বালুমিশ্রিত মাটিতে বিভিন্ন শস্যের বীজ রেখে প্রদীপ জ্বালিয়ে পূজা-অর্চনা করা হয়। পরে ঢোল-মাদলের তালে গান ও নাচ অনুষ্ঠিত হয়। দিনশেষে নেচে-গেয়ে বাড়ি বাড়ি ঘোরার পর ডালটি নিকটস্থ পুকুরে বিসর্জনের মাধ্যমে উৎসব শেষ হয়।
তরুণী রিয়া পাহাড়ি বলেন, নিজেদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে পেরে তারা খুশি। এই উৎসব টিকিয়ে রাখতে আরও বেশি আয়োজনের প্রয়োজন বলেও তিনি জানান।
যুবক সুজিত উরাও বলেন, শিকড়কে বাঁচিয়ে রাখার এই প্রচেষ্টায় তাদের প্রজন্ম পাশে থাকবে। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে সংস্কৃতি আরও সমৃদ্ধ হবে বলে তিনি মনে করেন।
আদিবাসী সমাজকর্মী ও গবেষক বিশ্বনাথ সিং বলেন, কারাম পূজা আবহমানকালের ঐতিহ্য এবং এ উৎসব আদিবাসীদের প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। শহুরে সংস্কৃতি ও আধুনিকতার প্রভাবে এসব উৎসব যেন হারিয়ে না যায়, সে জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আয়োজকদের মতে, তরুণদের মধ্যে সংস্কৃতির শেকড় ছড়িয়ে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

