Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সাইকেলে কক্সবাজার থেকে এভারেস্ট বেজ ক্যাম্পে বীর কুমার

সাইকেলে কক্সবাজার থেকে এভারেস্ট বেজ ক্যাম্পে বীর কুমার

অনলাইন ডেস্ক: রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের বাসিন্দা সাইক্লিস্ট ও অভিযাত্রী বীর কুমার তনচংগ্যা কক্সবাজারের সমুদ্রপাড় থেকে সাইকেলে যাত্রা শুরু করে ২২ সেপ্টেম্বর নেপালের এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছেছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে ৫ হাজার ৩৬৪ মিটার উচ্চতার এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছান তিনি।

বীর কুমারের দাবি, সমুদ্রপৃষ্ঠ থেকে স্থলপথে সাইকেলে এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানো প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট তিনি।

‘সি টু হিমালয়াস এক্সপেডিশন ফর অ্যাওয়ারনেস’ নামে এই অভিযানের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কক্সবাজারের কবিতা চত্বর বিচ থেকে। ১৬ আগস্ট সকাল ৮টা ৩৯ মিনিটে প্লাস্টিক বর্জ্য সংগ্রহের মধ্য দিয়ে অভিযান শুরু করেন বীর কুমার। পরে সাইকেলে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি। ভারত হয়ে শিলিগুড়ি পেরিয়ে নেপালে গিয়ে হিমালয়ের দুর্গম পথে অভিযান চালান।

অভিযানের শুরু থেকে প্রতিদিনের যাত্রার অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি পথ ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও সাইকেলে এগিয়ে যান বীর কুমার।

এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছানোর আগে ১৮ সেপ্টেম্বর ৫ হাজার ৮৩ মিটার উচ্চতার নাংকার্তশাং পিক এবং ১৯ সেপ্টেম্বর ৫ হাজার ৫৫০ মিটার উচ্চতার ছুকুং রি পিকের চূড়ায় ওঠেন তিনি। ২১ সেপ্টেম্বর ৫ হাজার ৫৩৫ মিটার উচ্চতার কংমা লা পাস অতিক্রম করেন।

অভিযানটির অন্যতম উদ্দেশ্য ছিল রক্তদান, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু ন্যায্যতা বিষয়ে সচেতনতা তৈরি, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং বাংলাদেশের অ্যাডভেঞ্চার পর্যটনের সম্ভাবনা প্রচার করা।

বীর কুমার জানান, দীর্ঘ পথ, প্রতিকূল আবহাওয়া, দুর্গম পাহাড়ি ট্রেইল এবং শারীরিক-মানসিক চাপ সামলে তাকে এগোতে হয়েছে। দেশের মানুষের শুভকামনা, ভালোবাসা ও সহযোগিতা তাকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি।

এভারেস্ট বেজ ক্যাম্পে পৌঁছে তিনি বলেন, এই অর্জন একার নয়; যারা সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। বাংলাদেশের লাল-সবুজের পতাকা নিয়ে নিরাপদে দেশে ফিরতে চান তিনি।

এর আগে বীর কুমার সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা এবং টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পথ পাড়ি দিয়েছেন। ভারতের ১০টি রাজ্য ভ্রমণের অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২৩ সালের ডিসেম্বরে যাত্রা শুরু করে প্রায় ৭১ দিনে ৫ হাজার ৭০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ২০২৪ সালের মার্চে দেশে ফেরেন তিনি।

বীর কুমার কাপ্তাই ব্লাড ব্যাংক ও ওয়াগ্গা ভলান্টিয়ারের প্রতিষ্ঠাতা। তিনি স্বেচ্ছায় রক্তদান, মানবসেবা এবং পরিবেশ ও জলবায়ু বিষয়ে সচেতনতামূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram