অনলাইন ডেস্ক: বাড়ি ছিল, উঠান ছিল, ছিল গাছপালা ও হাঁস-মুরগি। কিন্তু নদীর ভাঙনে সেই বাড়ির এখন আর অস্তিত্ব নেই, নদীতে হয়ে গেছে বিলীন। এরপর অন্যের জমিতে ঘর তুলে নতুন করে সংসার শুরু করেছিলেন বদরুল আলম। কিন্তু সেই ঘরটিও রক্ষা পেল না। আড়িয়াল খাঁ নদীর ভাঙনে সম্প্রতি সেটিও নদীগর্ভে চলে গেছে।
এখন স্ত্রী-সন্তান নিয়ে মাথা গোঁজার ঠাঁই নেই বদরুলের। অন্যের জমিতে পলিথিনের ছাউনি টাঙিয়ে কোনোভাবে দিন কাটছে তার পরিবারের।
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের মিয়ারচর এলাকায় নদীভাঙনে গত দুই বছরে অন্তত ৪০টি পরিবার বসতভিটা হারিয়েছে। গত এক মাসে আরও পাঁচটি পরিবারের ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে।
শুধু বসতভিটা নয়, ভাঙনের কবলে পড়েছে চলাচলের পথ, রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ অবকাঠামো। আড়িয়াল খাঁ নদের শাখা পালরদী নদীর বোরাদী গরঙ্গল, মোল্লার খাল এবং গৌরনদী বন্দর থেকে ধামুড়া খালের দক্ষিণ বিল্বগ্রাম এলাকাতেও ভাঙন দেখা দিয়েছে।
দক্ষিণ বিল্বগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে খালের পাড় ভেঙে স্কুলে যাতায়াতের রাস্তা ধসে পড়েছে। একমাত্র ব্রিজটিও ঝুঁকিতে রয়েছে। দ্রুত ভাঙন ঠেকানো না গেলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়ার পথটি বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মিয়ারচর লঞ্চঘাট এলাকার বাসিন্দা বদরুল আলম বলেন, আড়িয়াল খাঁ নদীর ভাঙনে তিনি দুইবার বসতভিটা হারিয়েছেন। অন্যের জমিতে তৈরি করা ঘরটিও কয়েক দিন আগে নদীতে চলে গেছে। বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে অন্যের জমিতে পলিথিনের ছাউনির নিচে থাকছেন তিনি।
স্থানীয় প্রবীণ বাসিন্দা অলিল বেপারী বলেন, নদীভাঙনে শত শত পরিবার বসতভিটা ও জমি হারিয়ে নিঃস্ব হয়েছে। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন বলেন, তীব্র স্রোতে স্কুলের সামনের রাস্তা খালের মধ্যে ধসে পড়েছে এবং ব্রিজটি যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে শিক্ষার্থীদের যাতায়াতে বড় সমস্যা তৈরি হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, পালরদী নদীর ভাঙনে অনেক পরিবার অন্যত্র চলে গেছে। নতুন করে নদীতীরবর্তী রাস্তা ভাঙনের মুখে পড়েছে। দ্রুত প্রতিরোধব্যবস্থা না নিলে আরও বসতভিটা, রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাবেদ ইকবাল বলেন, মিয়ারচর এলাকায় নদীভাঙন রোধে ১০০ মিটার এলাকায় জিও ব্যাগ ডাম্পিংয়ের নির্দেশনা পাওয়া গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে কাজ শুরু হবে। বিল্বগ্রাম এলাকায় একটি কাজ চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে ভাঙনকবলিত সব এলাকায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

