Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার

গড়াই নদীর ভাঙনে বিলীন ১০ একর জমি, হুমকিতে ৫০০ পরিবার

অনলাইন ডেস্ক: মাগুরার শ্রীপুর উপজেলার আমলসার ইউনিয়নের কোদলা গ্রামে গড়াই নদীর তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ভাঙনে ইতোমধ্যে প্রায় ১০ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন অব্যাহত থাকায় আরও অন্তত ২০ একর জমি ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে হুমকির মুখে পড়েছে গ্রামের প্রতিরক্ষামূলক বেড়িবাঁধ।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে বেড়িবাঁধের অবশিষ্ট অংশও নদীগর্ভে বিলীন হতে পারে। এতে কোদলা গ্রামের অন্তত ৫০০ পরিবার পানিবন্দি হওয়ার পাশাপাশি ঘরবাড়ি, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েক দিন ধরে গড়াই নদীর পাড়ে ভাঙন তীব্র হয়েছে। নদীর স্রোতে একের পর এক ফসলি জমি বিলীন হচ্ছে। এতে কৃষিনির্ভর পরিবারগুলো বেশি ক্ষতির মুখে পড়েছে। ভাঙন এখন বেড়িবাঁধের কাছাকাছি চলে এসেছে এবং বাঁধের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কোদলা গ্রামের বাসিন্দা মোকাররম আলী বলেন, নদী ভাঙতে ভাঙতে বেড়িবাঁধের কাছে চলে এসেছে। বাঁধের আরও কিছু অংশ ভেঙে গেলে তাদের থাকার মতো জায়গা থাকবে না। অনিতা রাণী জানান, দীর্ঘদিন ধরে বসবাস করা এলাকার জমি ও মাঠ ধীরে ধীরে নদীতে বিলীন হয়েছে। নাসিমা বেগম বলেন, নদী বাড়ির দিকে চলে আসার আতঙ্কে রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না।

স্থানীয়দের দাবি, জরুরি ভিত্তিতে বালুর বস্তা ফেলার পাশাপাশি গড়াই নদীর ভাঙন স্থায়ীভাবে ঠেকাতে টেকসই বাঁধ ও প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকায় জিওব্যাগসহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, গড়াই নদীর শ্রীপুরের কয়েকটি অংশে ভাঙন প্রতিরোধে জিওব্যাগ ফেলার কার্যক্রম চলছে। আমলসার-কোদলা এলাকায় নতুন করে ভাঙনের বিষয়টি জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও সংসদ সদস্যকে জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

মাগুরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কর্মকার বলেন, কোদলা এলাকায় নদীভাঙনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে এবং কাজের অনুমতি পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে ফসলি জমির পাশাপাশি বসতভিটাসহ গ্রামের বড় একটি অংশ নদীগর্ভে বিলীন হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram