অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে আজ বাংলাদেশের সকালটা দারুণ কেটেছে। পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে ৩৯-৩৫ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। আজ বিকেলে চাইনিজ তাইপেকে হারাতে পারলে লাল-সবুজেরা এশিয়াডে পদক পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে থাকবে।
কাবাডিতে দক্ষিণ কোরিয়া শক্তিশালী দল হিসেবে পরিচিত। ২০১৮ এশিয়াডে রৌপ্য জিতেছিল দলটি। সেই দলের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে বাংলাদেশ ১৭ পয়েন্টের বিপরীতে কোরিয়া করে ১৬ পয়েন্ট। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও ২২ এবং কোরিয়া ১৯ পয়েন্ট পায়।
জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমান কোচ আব্দুল জলিল বলেন, তারা কোরিয়ার দুই খেলোয়াড়কে মার্ক করে খেলার পরিকল্পনা করেছিলেন। খেলোয়াড়েরা সেই নির্দেশনা অনুসরণ করায় ম্যাচটি বাংলাদেশের পক্ষে এসেছে বলেও জানান তিনি।
আজ বিকেলে চাইনিজ তাইপের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। কোচের মতে, ওই ম্যাচে জিততে পারলে বাংলাদেশ পদকের খুব কাছাকাছি যাবে। পদকের সম্ভাবনা অনেকাংশে চাইনিজ তাইপের ম্যাচের ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
এক দিনে দুই ম্যাচ নিয়ে কোনো অজুহাত দেবেন না উল্লেখ করে আব্দুল জলিল বলেন, কোরিয়াকে হারিয়ে খেলোয়াড়েরা চাঙা রয়েছে এবং দলে কোনো ইনজুরি নেই।
পুরুষ কাবাডিতে বাংলাদেশ ‘এ’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আছে ভারত, দক্ষিণ কোরিয়া, চাইনিজ তাইপে ও স্বাগতিক জাপান। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল সেমিফাইনালে খেলবে। ভারত এই গ্রুপের টপ ফেভারিট। চাইনিজ তাইপেকে হারাতে পারলে রানার্সআপ হয়ে বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা থাকবে।

