Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জলাবদ্ধতার কারণে নটর ডেম কলেজের তাত্ত্বিক ক্লাস স্থগিত

জলাবদ্ধতার কারণে নটর ডেম কলেজের তাত্ত্বিক ক্লাস স্থগিত

অনলাইন ডেস্ক: রাজধানীতে টানা বৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজকের সব তাত্ত্বিক ক্লাস স্থগিত করেছে নটর ডেম কলেজ কর্তৃপক্ষ। রোববার (২০ সেপ্টেম্বর) সকালে কলেজের অধ্যক্ষ ফাদার ড. হেমন্ত পিউস রোজারিও স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিকূল পরিস্থিতি এবং সড়ক ও কলেজ প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে রোববার এইচএসসি দ্বিতীয় বর্ষ ও ডিগ্রির সব তাত্ত্বিক ক্লাস বন্ধ থাকবে।

বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা

শনিবার দিবাগত রাত থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। হালকা থেকে মুষলধারে বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়কে পানি জমেছে। এতে কর্মস্থল, স্কুল-কলেজসহ বিভিন্ন গন্তব্যে যাতায়াতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

পুরানা পল্টন, খিলগাঁও কমিউনিটি সেন্টারের সামনে, মালিবাগ রেলগেট বাজার, মৌচাক মোড়, মগবাজার সেঞ্চুরি মোড়, দক্ষিণ মণিপুর মোল্লাপাড়া ও পশ্চিম শ্যাওড়াপাড়া বর্ডার বাজারসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। কোথাও কোথাও সড়কে হাঁটুসমান পানি জমেছে।

বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রোববার ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৭ শতাংশ। শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রোববারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সারা দেশের পূর্বাভাসে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত কয়েকটি বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।

এদিকে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছে অধিদপ্তর। সম্ভাব্য সিস্টেমটির গতিপথ ভারতের ওড়িশা ও অন্ধ্র প্রদেশ উপকূলের দিকে হতে পারে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram