Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

দুই বছর পর মিফতাহ জামানের একক কনসার্ট

অনলাইন ডেস্ক: ২০২৪ সালের ৫ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রথমবার একক কনসার্ট করেন মিফতাহ জামান। বছরের পর বছর তার গান শুনে মুগ্ধ শ্রোতারা সেদিন বড় পরিসরে সরাসরি শিল্পীকে শোনার সুযোগ পান। সেই কনসার্টে শ্রোতাদের সঙ্গে মিফতাহ জামানও তৃপ্ত হয়েছিলেন।

সে সময় নিয়মিত একক কনসার্ট করার কথা জানিয়েছিলেন মিফতাহ। এর মধ্যে দেশের রাজনৈতিক পট পরিবর্তন ও নিজের ব্যস্ততায় দীর্ঘ সময় কেটে গেছে। অবশেষে দুই বছর পর একক কনসার্ট নিয়ে ফিরছেন ‘চির অধরা’ শিল্পী।

২৫ সেপ্টেম্বর রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে মিফতাহ জামানের একক কনসার্ট ‘অতঃপর অধরা’। শো শুরু হবে বিকাল ৫টা নাগাদ।

কনসার্ট সামনে রেখে শিল্পী ও তার সতীর্থরা অনুশীলনে ব্যস্ত রয়েছেন। মিফতাহ জামান জানিয়েছেন, গত কনসার্টের পর শ্রোতাদের সঙ্গে যোগাযোগের যে আগ্রহ ছিল, সময়ের সঙ্গে তা আরও বেড়েছে। এবারের আয়োজনে নতুন গানের পাশাপাশি আগের গানগুলোও পরিবেশন করা হবে বলে জানান তিনি।

কনসার্টের টিকিট বিক্রি শুরু হয়েছে। ভিআইপি বা নিচের গ্যালারির টিকিটের দাম ১ হাজার ২০০ টাকা এবং রেগুলার বা ওপরের গ্যালারির টিকিট ৯০০ টাকা। কোনো কাগুজে টিকিট থাকছে না; পুরো প্রক্রিয়া ডিজিটালভাবে সম্পন্ন হবে। পেমেন্টের পর টিকিট সংগ্রহের তথ্য শিল্পীর ফেসবুক পেজে পাওয়া যাবে।

কনসার্টে মিফতাহ জামান তার ‘চির অধরা’, ‘তাই তোমার খেয়াল’ ও ‘প্রাপ্তিশূন্য’ গানগুলো পরিবেশন করবেন। এছাড়া তার কণ্ঠে নতুনভাবে জনপ্রিয় হওয়া ‘হয়তো তোমারই জন্য’, ‘কী নামে ডেকে বলব তোমাকে’ এবং ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’ গানও থাকবে।

প্রায় দুই দশক ধরে সমকালীন ও ধ্রুপদী সংগীতে কাজ করছেন মিফতাহ জামান। গত বছর তিনি প্রকাশ করেছেন ইপি অ্যালবাম ‘এক পশলা বৃষ্টি’। এ বছরও অনলাইনে তার একাধিক একক গান প্রকাশ হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram