অনলাইন ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে গান শোনাচ্ছেন জনপ্রিয় সংগীত তারকা এড শিরান। ‘লুপ ট্যুর’ নামের এই বিশ্বভ্রমণে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এই ব্রিটিশ শিল্পী। গেল শনিবার দেশটির ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয় এড শিরানের আরও এক কনসার্ট। কিন্তু এই ট্যুর ঘিরে তৈরি হয়েছে এক বিশাল বিতর্ক, যা নিয়ে তোলপাড় পশ্চিমের সংগীতাঙ্গনে।
কিছুদিন আগে এড শিরানের সফরসঙ্গী ছিলেন মার্কিন র্যাপার ম্যাকলমোর। একক পরিবেশনার সময় মঞ্চে নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে চলমান সংঘাতকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দেন তিনি এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এর পর বোস্টনের জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফটসহ আয়োজক প্রতিষ্ঠান ‘মেসিনা ট্যুরিং গ্রুপ’ ম্যাকলমোরকে সফর থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয়।
এ ঘটনায় বিশ্বজুড়ে সমালোচনা শুরু হলে এড শিরানের দিকেও আঙুল ওঠে। ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্তে শিরানের ভূমিকা থাকতে পারে—এমন আলোচনা ছড়িয়ে পড়ে। ফিলাডেলফিয়ার কনসার্টে শিরান বলেন, ম্যাকলমোরকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আয়োজকদের, তার নিজের নয়।
কনসার্টে এড শিরান ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে ক্ষমা চান। তিনি বলেন, রাজনৈতিক প্রচারক হওয়া তার লক্ষ্য নয়; বরং গান দিয়ে মানুষকে একসঙ্গে যুক্ত করাই তার উদ্দেশ্য। তবে গাজায় চলমান পরিস্থিতি, বেসামরিক নাগরিক ও শিশুদের মৃত্যু এবং পশ্চিম তীরে অবিচারের কথা উল্লেখ করে তিনি আর নীরব থাকতে পারছেন না বলে জানান।
কনসার্ট চলার সময় স্টেডিয়ামের বাইরে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীদের বিক্ষোভও হয়। শিরান বলেন, তার কনসার্ট সবার জন্য নিরাপদ স্থান হওয়া উচিত এবং কোনো আয়োজক প্রতিষ্ঠান শিল্পীদের বক্তব্যে সেন্সরশিপ আরোপ করুক—এমন নীতি তিনি সমর্থন করেন না।
ম্যাকলমোরকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে বাকস্বাধীনতার পক্ষে দাঁড়িয়ে আইরিশ গায়ক এরন রো এবং ডেনিশ মিউজিশিয়ান লুকাস গ্রাহামসহ কয়েকজন সহশিল্পী শিরানের সফর থেকে সরে দাঁড়ান। এর প্রভাবে যুক্তরাষ্ট্রে তার কনসার্ট ঘিরে অনিশ্চয়তা তৈরি হয় এবং টিকিটের দাম কমতে থাকে। ৩৫০ ডলারের টিকিট একপর্যায়ে ৩২ ডলারে নেমে আসে।

