অনলাইন ডেস্ক: মাঝমাঠে জাভি ও আক্রমণভাগে লিওনেল মেসি একসময় বার্সেলোনার হয়ে একসঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন। ২০১৫ সালে জাভি আল সাদে যোগ দেওয়ার পর দুজনের পথ আলাদা হয়ে যায়। পরে জাভি বার্সেলোনার কোচ হওয়ায় তাদের সম্পর্ক গুরু-শিষ্যের রূপ নিতে পারত। মেসিকে ক্লাবটিতে ফেরানোর চেষ্টা করেছিলেন জাভি, তবে প্রেসিডেন্ট হোয়ান লাপোর্তার আপত্তিতে তা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।
২০২১ সালে অশ্রুসিক্ত বিদায়ের মধ্য দিয়ে মেসি বার্সেলোনা ছাড়ার তিন মাস পর ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব নেন জাভি। ২০২৪ সালে লাপোর্তা তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পরে তার স্থলাভিষিক্ত হন হান্সি ফ্লিক।
জাভির ভাষ্য অনুযায়ী, ওই সময় মেসিকে বার্সেলোনায় ফেরাতে তিনি সক্রিয়ভাবে চেষ্টা করেছিলেন। মেসি তার ঘনিষ্ঠ বন্ধু এবং দুজনের নিয়মিত যোগাযোগ ছিল বলেও জানান জাভি। তার দাবি, মেসি বার্সায় ফেরার ব্যাপারে আগ্রহী ছিলেন এবং তিনিও পুরোপুরি সেই উদ্যোগের পক্ষে ছিলেন। প্রায় চার মাস তাদের মধ্যে এ নিয়ে যোগাযোগ চললেও শেষ পর্যন্ত লাপোর্তা মেসিকে পুনরায় দলে নেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন।
২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর মেসিকে ফেরানোর বিষয়ে জাভি, তার কোচিং স্টাফ এবং মেসি—তিন পক্ষই আশাবাদী ছিলেন বলে জানান তিনি। তবে জাভির দাবি, হঠাৎ করেই সভাপতি পুরো উদ্যোগটি বন্ধ করে দেন। ফলে মেসিকে ফিরিয়ে এনে বার্সেলোনায় একটি নতুন অধ্যায় শুরুর সম্ভাবনা আর বাস্তবায়িত হয়নি।
মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জাভি জানান, তাদের নিয়মিত যোগাযোগ হয়। তার মতে, মেসি বিষয়টি শান্তভাবে গ্রহণ করেছেন এবং সময়মতো সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জাভি বলেন, চার বছর পরের বিশ্বকাপ মেসির জন্য কঠিন হতে পারে; এরই মধ্যে কোপা আমেরিকা ও বিশ্বকাপসহ গুরুত্বপূর্ণ শিরোপা জিতে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন তিনি।

