Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক: লং মার্চ ঠেকাতে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সারা দেশে লং মার্চের পক্ষে শুরু হওয়া ঐতিহাসিক গণজোয়ার প্রতিরোধে গতকাল রাত থেকে তাদের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। তবে এসব ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লং মার্চের গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লং মার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ঢাকা-চট্টগ্রাম ঐতিহাসিক লং মার্চ সফল হওয়ার পর ঢাকা থেকে রংপুরের লং মার্চ শুরু হচ্ছে। ১১ দলীয় ঐক্যের নেতৃত্বে আট দফা দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

তিনি অভিযোগ করেন, সরকার গুম আইন ও মানবাধিকার আইন পাস করেছে এবং র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি করেছে। তার ভাষ্য, মানবাধিকার রক্ষার দায়িত্বে থাকা সরকার মানবাধিকার হরণের প্রেক্ষাপট তৈরি করছে। শেখ হাসিনার সরকার জনগণের অধিকার হরণে যে আইন ও প্রতিষ্ঠান ব্যবহার করেছিল, বর্তমান সরকারও সেগুলো ব্যবহার করতে শুরু করেছে বলে দাবি করেন তিনি।

বিএনপি সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক বলেন, বিএনপি সরকারে এসে জনগণের মানবাধিকার হরণ ও গণতন্ত্র ধ্বংস করছে। তারেক রহমান কীভাবে ক্ষমতা ছাড়বেন, তা তাকে নির্ধারণ করতে হবে—হেলিকপ্টারে দেশ ছাড়বেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, দফা বাড়লেও সব দাবি শেষ পর্যন্ত এক দফায় গিয়ে ঠেকবে। যত বাধাই আসুক, শান্তিপূর্ণভাবে লং মার্চ সফল করার প্রত্যয় ব্যক্ত করে তিনি রংপুরে দেখা হওয়ার কথা বলেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram