Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক: বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকা থেকে চট্টগ্রামে অনুষ্ঠিত লং মার্চ সফল হওয়ায় অনেকের মাথা গরম হয়ে গেছে। গত দুই দিন ধরে রাজধানীতে এর কিছু লক্ষণ দেখা যাচ্ছে বলেও মন্তব্য করে তিনি হতাশ না হয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে রংপুর অভিমুখী লং মার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, এটি তাদের দ্বিতীয় দফার লং মার্চ। প্রথম দফায় ঢাকা থেকে চট্টগ্রামে কর্মসূচি পালন করা হয়েছে। তিনি বলেন, বর্তমান আট দফা দাবি ভবিষ্যতে নয় দফা বা ১০ দফায় রূপ নিতে পারে। জাতির প্রয়োজনে যেকোনো সময় তা এক দফায় পরিণত হতে পারে বলেও জানান তিনি।

এক দফায় পরিণত হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির সাম্প্রতিক অতীত থেকে শিক্ষা নিয়ে জনগণের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান।

দাবি না মানলে কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র কাজে আসবে না বলেও সতর্ক করেন তিনি। শফিকুর রহমানের দাবি, তারা কোনো দলীয় দাবি নিয়ে মাঠে নামেননি; ১৮ কোটি মানুষের দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন।

১১ দলের সঙ্গে দেশের ১৮ কোটি মানুষ রয়েছে দাবি করে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। জনগণকে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেন জামায়াতের আমির।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram