অনলাইন ডেস্ক: প্রায় এক বছর বিচারকশূন্য থাকার পর অবশেষে বিচারক পেল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ১৭ সেপ্টেম্বর আইন ও বিচার বিভাগের প্রজ্ঞাপনে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মো. জাকারিয়া হোসেনকে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হিসেবে পদায়ন করা হয়েছে।
দীর্ঘদিন বিচারক না থাকায় ট্রাইব্যুনালটির বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছিল। বর্তমানে সেখানে প্রায় পাঁচ হাজার মামলা বিচারাধীন রয়েছে।
বিচারক নিয়োগের দাবিতে জেলা আইনজীবী সমিতি লিখিত আবেদন ও মানববন্ধন করে। এর পর গত ১৩ সেপ্টেম্বর সাতক্ষীরা সফরে গিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের কাছে বিষয়টি তুলে ধরা হয়। তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়ার চার দিনের মধ্যেই নতুন বিচারক পদায়নের প্রজ্ঞাপন জারি হয়।
মো. জাকারিয়া হোসেন ২০০৬ সালের ১৫ মার্চ সহকারী জজ হিসেবে বিচার বিভাগীয় কর্মজীবন শুরু করেন। কর্মজীবনের শুরুতেই তিনি সাতক্ষীরায় দায়িত্ব পালন করেন। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক ছিলেন।
নারী ও শিশু নির্যাতন মামলার পাশাপাশি এই ট্রাইব্যুনালে শিশু আদালত ও মানব পাচারসংক্রান্ত মামলারও বিচার হয়। দীর্ঘদিন পর বিচারক নিয়োগ হওয়ায় বিচারপ্রার্থী ও আইনজীবীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে আইনজীবীদের দাবি, সাতক্ষীরার আদালতগুলোতে আরও নয়জন বিচারকের পদ শূন্য রয়েছে। এসব পদেও দ্রুত বিচারক নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

