Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্যানক্রফটের জন্য ‘ব্যথিত’ স্যান্ডপেপারের দৃশ্য ধারণকারী সম্প্রচারক

ব্যানক্রফটের জন্য ‘ব্যথিত’ স্যান্ডপেপারের দৃশ্য ধারণকারী সম্প্রচারক

অনলাইন ডেস্ক: ২০১৮ সালে পুরো ক্রিকেটবিশ্বের সামনে খলনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে স্যান্ডপেপার বা শিরিষ কাগজ ব্যবহার করে বল টেম্পারিং করায় তিনি শাস্তিও পেয়েছিলেন। একই ঘটনায় তার জন্য জাতীয় দলে ফেরার পথও কঠিন হয়ে পড়ে। সেই দৃশ্য ধারণকারী সম্প্রচারকরা এখন ব্যানক্রফটের প্রতি দুঃখপ্রকাশ করছেন।

কেপটাউনে ব্যানক্রফটের হাতে ছোট একটি হলুদ বস্তু প্রথমে ক্যামেরায় ধরা পড়ে। পরে সেটি ট্রাউজারের সামনের পকেটে রাখেন তিনি। ম্যাচটি সম্প্রচারকারী প্রতিষ্ঠান সুপারস্পোর্টের প্রযোজনা প্রধান ছিলেন অ্যালভিন নাইকার। সম্প্রতি বিষয়টি নতুন করে আলোচনায় আসার পর ব্যানক্রফটের জন্য ব্যথিত হওয়ার কথা জানিয়েছেন তিনি।

নাইকারের দাবি, পোর্ট এলিজাবেথে তাঁর ক্যামেরার লক্ষ্য ব্যানক্রফট নয়, ডেভিড ওয়ার্নার ছিলেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও কখনো ওই ফুটেজ চায়নি বলে জানান তিনি। সম্প্রতি উসমান খাজা তাঁর আত্মজীবনী ‘সবর’-এ পুরো অস্ট্রেলিয়া দল ওই ঘটনা আগে থেকেই জানত বলে দাবি করেন। প্যাট কামিন্স সেই দাবি শতভাগ মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছেন। এর পরিপ্রেক্ষিতে ব্যানক্রফটও প্রায় সাড়ে চার হাজার শব্দের লেখায় ওই সময়ের ঘটনা তুলে ধরেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে নাইকার বলেন, ব্যানক্রফটের বক্তব্য শুনে তাঁর আবেগপ্রবণ মনে হয়েছে এবং ওই ক্রিকেটারকে যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, তাতে তিনি সত্যিই খারাপ বোধ করছেন। তাঁর ভাষ্য, একজন তরুণকে গভীর পানিতে ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, অথচ পরে কোনো সমর্থনও ছিল না। ব্যানক্রফট আট বছর ধরে নিজেকে একা মনে করেছেন জেনে তিনি হতবাক হয়েছেন বলেও জানান।

নাইকার জানান, সম্প্রচারকারী ক্যামেরাগুলোর মনোযোগ ছিল ওয়ার্নারের দিকে। ডারবানের ঘটনার পর সিঁড়িতে ওয়ার্নার ও কুইন্টন ডি ককের মধ্যে বড় ধরনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের কারণে ওয়ার্নারকে ক্যামেরায় দেখানো হচ্ছিল। পরে ওয়ার্নার পিঠের পেছনে আঙুল নাড়ালে ক্যামেরাম্যান জুম করেন। তখন তাঁর হাতের টেপে লেখা নামগুলো নজরে আসে। সেখানে স্ত্রী ক্যান্ডিসের নাম, একটি হার্ট চিহ্ন এবং দুই মেয়ে আইভি রে ও ইন্ডি মে’র নাম লেখা ছিল।

স্যান্ডপেপারগেট নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটে ভিন্নমত রয়েছে। খাজার দাবিকে সমর্থন করেছেন ওয়ার্নার। ওই টেস্টে একাদশের বাইরে থাকা পেসার চ্যাড সেয়ার্স এবং ব্যানক্রফটও নিজেদের বক্তব্য দিয়েছেন। অন্যদিকে, তৎকালীন প্রধান কোচ ড্যারেন লেহম্যান ও সহকারী গ্রায়েম হিক শুরু থেকেই এসব দাবি প্রত্যাখ্যান করে আসছেন। কামিন্সও খাজা ও ওয়ার্নারের বিপরীত ব্যাখ্যা দিয়েছেন। তাঁর পাশে রয়েছেন জশ হ্যাজলউড এবং আপাতদৃষ্টিতে ক্রিকেট অস্ট্রেলিয়াও।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram