Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি ককটেল উদ্ধার

অনলাইন ডেস্ক: নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল বাজার এলাকায় পরিত্যক্ত ব্যাগ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

রোববার (২২ নভেম্বর) সকালে এসআরবি-৫ রাজশাহীর সিপিসি-২ কোম্পানির স্কোয়াড কমান্ডার ও সহকারী পুলিশ সুপার তন্ময় বিশ্বাস প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাত ১টা ৩০ মিনিটের দিকে নলডাঙ্গা থানার পাটুল নিচা বাজার এলাকায় পাটুল থেকে খোলাবাড়িয়াগামী সড়কের পশ্চিম পাশে একটি ওয়াচ টাওয়ারের সিঁড়ির নিচে সাদা রঙের বাজারের ব্যাগ পড়ে থাকার খবর পায় এসআরবি-৫-এর সিপিসি-২ নাটোর ক্যাম্পের দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

রাত ৩টা ৪০ মিনিটের দিকে বোমা নিষ্ক্রিয়করণ দলের সহায়তায় উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের ভেতর থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে উদ্ধার করা আলামত নলডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার জাহান বলেন, এসআরবি-৫ পরিত্যক্ত অবস্থায় কালো টেপে মোড়ানো ছয়টি ককটেল উদ্ধার করেছে। পরে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিডিমূলে ককটেলগুলো গ্রহণ করে।

তিনি জানান, এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার কথা বলেন তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram